Political Chaos

দেড় লক্ষ টাকার ফোন থেকে পুজোর বকেয়া! কামারহাটিতে তৃণমূল কাউন্সিলারকে ঘিরে দুর্নীতির ঝড়

এমনকি বিশ্বজিৎ সাহা যে মোবাইল ফোনটি ব্যবহার করেন, সেটিও তিনি কিনে দিয়েছেন বলে অভিযোগ রৌনকের। তাঁর কথায়, প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ওই ফোনের ইএমআই এখনও তিনিই দিচ্ছেন।

কামারহাটি পুরসভার কাউন্সিলার বিশ্বজিৎ সাহা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০১:৩৯

তৃণমূল সমর্থক এক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই এক কাউন্সিলারের বিরুদ্ধে। শনিবার রাতে কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন তৃণমূলের সক্রিয় কর্মী তথা ব্যবসায়ী রৌনক রক্ষিত। দীর্ঘদিন ধরে বেলঘরিয়া টাউন তৃণমূল সভাপতি বিশ্বজিৎ সাহার ঘনিষ্ঠ সহযোগী হিসেবেই পরিচিত ছিলেন রৌনক।

রৌনকের দাবি, ব্যবসার সুযোগ করে দেওয়ার নাম করে কিংবা ব্যবসা বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন কাউন্সিলার। এমনকি বিশ্বজিৎ সাহা যে মোবাইল ফোনটি ব্যবহার করেন, সেটিও তিনি কিনে দিয়েছেন বলে অভিযোগ রৌনকের। তাঁর কথায়, প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ওই ফোনের ইএমআই এখনও তিনিই দিচ্ছেন।

শুধু রৌনকই নন, ‘রবি ইলেকট্রিক’ নামে এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিকও বিশ্বজিৎ সাহার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, গত দুর্গাপুজো এবং বিজয়া সম্মিলনী উপলক্ষে কাউন্সিলারের অনুষ্ঠানে লাইট ও মাইক ভাড়া বাবদ ৮৫ হাজার টাকা এখনও বকেয়া রয়েছে। বারবার তাগাদা সত্ত্বেও সেই টাকা মেটানো হয়নি বলে অভিযোগ।

এলাকার আরও কয়েকজন ব্যবসায়ীও কাউন্সিলারের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, এতদিন প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউ। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর এখন অনেকে প্রকাশ্যে অভিযোগ জানাতে শুরু করেছেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলার বিশ্বজিৎ সাহা। তাঁর বক্তব্য, ‘আমিও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমি কেন অন্যের থেকে ফোন নিয়ে ব্যবহার করব? আর পুজোর জন্য বকেয়া থাকলে সেটা পুজো কমিটির কাছে এসে বলুক, আমাকে কেন দায়ী করা হচ্ছে?' এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। 


Share