Police Raid

পৈলানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে পুলিশ! কেন্দ্রীয় বাহিনী নিয়ে দীর্ঘ তল্লাশি অভিযানে চাঞ্চল্য

ওই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবারের এই অভিযান।

বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলান
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০৯:৪৪

দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পৈলানের বাড়িতে বৃহস্পতিবার সকালে তল্লাশি চালাল পুলিশ। বিষ্ণুপুর থানার একটি দল কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিধায়কের বাড়িতে পৌঁছোয়। দীর্ঘ ক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। শেষে বিকেল প্রায় চারটে নাগাদ সেখান থেকে তদন্তকারী আধিকারিকেরা বেরিয়ে যান।

সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে, যেখানে অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করতে শোনা গিয়েছে বলে অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সেই অভিযোগের সূত্র ধরেই বৃহস্পতিবারের এই অভিযান চালানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার থেকেই বাড়িতে ছিলেন না দিলীপ। তল্লাশির সময়ও তাঁকে পাওয়া যায়নি। পৈলানে তাঁর দু’টি বাড়িতে এ দিন তল্লাশি চালায় পুলিশ। এর মধ্যে একটি বাড়ি বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি। বাড়ির বাগানে রয়েছে সুইমিং পুল, দোলনা এবং নানা শৌখিন সাজসজ্জা। রিসর্টের আদলে সাজানো সেই বাড়ির বিভিন্ন অংশ ঘুরে ঘুরে তদন্ত করে দেখেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, বাড়ির একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। তবে ঠিক কীসের সন্ধানে এই অভিযান, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তল্লাশি শেষে কোনও নথি বা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে কি না, তা-ও এখনও জানা যায়নি।


Share