TVK Government

আস্থাভোটে বিরাট জয় দলপতি বিজয়ের, এডিএমকের বিদ্রোহী বিধায়কদের সমর্থনে আরও শক্তিশালী টিভিকে সরকার

সন্মুগম ও এসপি ভেলিমনির নেতৃত্বে ২৫ জন এডিএমকে বিধায়ক বিজয় সরকারের পক্ষেই ভোট দেন।

তামিলনাডুর মুখ্যমন্ত্রী বিজয় দলপতি
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:০১

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা দলপতি বিজয়ের প্রতি জনগণের আস্থার পর এ বার অন্য দলের বিধায়কদের সমর্থনও স্পষ্ট হয়ে উঠল। বুধবার তামিলনাড়ু বিধানসভায় অনুষ্ঠিত আস্থাভোটে বিজয়ের নেতৃত্বাধীন সরকার ১৪৪ জন বিধায়কের সমর্থন পায়, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮-র জাদুসংখ্যার তুলনায় অনেকটাই বেশি।

টিভিকে জোটের শরিক কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের বিধায়কেরা স্বাভাবিকভাবেই সরকারের পক্ষে ভোট দেন। ভোটাভুটির আগে বিধানসভা কক্ষ ত্যাগ করেন এমকে স্ট্যালিনের দল ডিএমকের ৫৯ জন বিধায়ক। অন্যদিকে, ইকে পলানীস্বামীর নেতৃত্বাধীন এডিএমকে আনুষ্ঠানিকভাবে ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিলেও দলের একাংশ সেই অবস্থান মানেননি। সন্মুগম ও এসপি ভেলিমনির নেতৃত্বে ২৫ জন এডিএমকে বিধায়ক বিজয় সরকারের পক্ষেই ভোট দেন।

আস্থাভোটে সরকারের বিপক্ষে ভোট পড়ে ২২টি, আর ভোটদানে বিরত থাকেন পাঁচ জন বিধায়ক। তবে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করে এডিএমকে-র একাংশের এই অবস্থান রাজ্যের রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এর ফলে এডিএমকে-র ভিতরে ভাঙনের সম্ভাবনা আরও জোরালো হতে পারে।

বিপুল সমর্থন নিয়ে আস্থাভোটে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী বিজয় বলেন, “বাঁশি ইতিহাস বদলে দিল।” পাশাপাশি তিনি জানান, “আমরা নিজেদেরকে একটি সংখ্যালঘু সরকারই বলব। এই সরকার সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত রাখবে।”


Share