TMC Political Crisis

মালদহে ঋতব্রত-পন্থী তৃণমূলের প্রস্তুতি সভা, ‘দলকে শুদ্ধিকরণ করতে হবে’, বার্তা সাবিনা ইয়াসমিনের

বুধবার ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঋতব্রত শিবিরের তিন বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রী।

একুশে জুলাই উপলক্ষে মালদহে প্রস্তুতি সভা করল ঋতব্রত-পন্থী তৃণমূল।
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৯:৫৩

একুশে জুলাই উপলক্ষে মালদহে প্রস্তুতি সভা করল ঋতব্রত-পন্থী তৃণমূল। বুধবার ইংরেজবাজার শহরের একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন ঋতব্রত শিবিরের তিন বিধায়ক এবং এক প্রাক্তন মন্ত্রী। তবে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভার কাউন্সিলর-সহ জেলার অধিকাংশ নেতৃত্ব সভায় অনুপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাবিনা ইয়াসমিন বলেন, "দলকে শুদ্ধিকরণ করতে হবে। সাধারণ মানুষকে বলব, আমাদের ভুল বুঝবেন না। আপনাদের জন্যই এই শুদ্ধিকরণ প্রয়োজন। এতদিন ভালো সংগঠকদের বাদ দিয়ে বহু বেনোজলকে সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার তাঁদের সরিয়ে দিতে হবে।"

তিনি আরও দাবি করেন, গত কয়েক বছরে বহু পুরনো নেতা-কর্মী সংগঠন থেকে কার্যত দূরে সরে গিয়েছেন, অথচ জনসমর্থনহীন এবং 'ফ্রড' ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর কথায়, "যাঁদের জনসমর্থন রয়েছে, তাঁদের সামনে রেখেই দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে।"

সাবিনা ইয়াসমিনের অভিযোগ, "যাঁরা দিদিকে ঘিরে রেখেছিলেন, তাঁরাই দলকে ডুবিয়েছেন।" একইসঙ্গে তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিদ্রোহের অভিযোগ উঠেছে। তাঁকে সরিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দলের নেতৃত্ব ধরে রাখেন, তাহলে তাঁরা তাঁর পাশেই থাকবেন।

সভা থেকে জানানো হয়, ইতিমধ্যেই নতুন রাজ্য কমিটি গঠন করা হয়েছে। এ বার পর্যায়ক্রমে জেলা, ব্লক এবং অঞ্চল কমিটি তৈরি করা হবে। ঋতব্রত-পন্থী তৃণমূলের মালদা জেলা সভাপতি প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্র ধরে আগামী দিনে ধারাবাহিকভাবে সভা করা হবে।

এ দিকে জেলার বাকি দুই বিধায়ক আব্দুর রহিম বক্সী এবং হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমানকে এই শিবিরে নেওয়া হবে কি না, সে বিষয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, "এই সিদ্ধান্ত নেবে আমাদের ন্যাশনাল কমিটি। এখনও পর্যন্ত তাঁদের নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"


Share