Mahua Maitra

সাংসদদের নিরাপত্তায় কি নির্দিষ্ট নিয়ম রয়েছে? মহুয়া মৈত্রের মামলায় রাজ্যের কাছে জবাব চাইল হাই কোর্ট

মহুয়া মৈত্রের নিরাপত্তা মামলায় সাংসদদের জন্য নির্দিষ্ট নিরাপত্তা নির্দেশিকা রয়েছে কি না, তা রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট। ১৪ অক্টোবর পরবর্তী শুনানি।

সাংসদ মহুয়া মৈত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৬ ১২:২৯

সাংসদদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কি নির্দিষ্ট কোনও সরকারি নির্দেশিকা রয়েছে? কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের নিরাপত্তা সংক্রান্ত মামলার শুনানিতে এই প্রশ্নই তুলল কলকাতা হাই কোর্ট। সাংসদ কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার ক্ষেত্রে আলাদা কোনও নিয়ম বা গাইডলাইন রয়েছে কি না, তা রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে হবে রাজ্যকে। মামলাটির পরবর্তী শুনানি ১৪ অক্টোবর।

নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মহুয়া। তাঁর অভিযোগ, তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা ডিম ছুড়ে হেনস্থা করছে। এর পর কৃষ্ণনগরের সাংসদকে তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত।

বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়। মহুয়ার আইনজীবী অর্ক নাগ আদালতে জানান, ‘ইয়োলো বুক’ নামে একটি সরকারি নথি রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ওই নথিতে সাংসদদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, একজন সাংসদ হিসেবে মহুয়া মৈত্রের শুধু নির্দিষ্ট কোনও এলাকায় নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে।

আইনজীবীর দাবি, একটি নির্দিষ্ট এলাকায় মহুয়াকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে বলেই গোটা রাজ্য থেকে তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা যায় না। তাই সাংসদের নিরাপত্তা পুনর্বহালের আবেদন জানানো হয়েছে।

এদিন আদালত জানতে চায়, সাংসদদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনও নির্দেশিকা রয়েছে কি না। পাশাপাশি সাংসদ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার জন্য পৃথক নিয়ম রয়েছে কি না, তাও রাজ্যকে স্পষ্ট করতে বলা হয়েছে।

রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এ বিষয়ে নিয়মকানুন জানাতে আদালতের কাছে সময় চান। তাঁকে সাত দিন সময় দিয়েছে আদালত।

অন্যদিকে, রাজ্যের তরফে জানানো হয়, মহুয়াকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি মামলা বিচারাধীন রয়েছে। তাই মহুয়ার মামলাটিও সেই বেঞ্চে পাঠানো উচিত বলে দাবি করে রাজ্য। তবে আদালত জানিয়ে দিয়েছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি আগে তারা জানতে চায়। এরপরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


Share