TMC Political Crisis

২১ জুলাইয়ের আগে ভিক্টোরিয়া হাউসে ৬০ দিনের জমায়েত নিষেধাজ্ঞা, কলকাতা পুলিশের নির্দেশিকাকে চ্যালেঞ্জ কালীঘাট তৃণমূলের, মামলা দায়ের হল হাই কোর্টে

কলকাতা পুলিশের জারি করা সাম্প্রতিক নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী বুধবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কালীঘাট তৃণমূলের দুই নেতা ডেরেক ও’ব্রায়েন (বাঁ দিকে) এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৩:৪৫

ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে টানা ৬০ দিন জমায়েত নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল। কলকাতা পুলিশের জারি করা সাম্প্রতিক নির্দেশিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী বুধবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা পুলিশের জারি করা সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, ২ জুলাই থেকে ৩০ অগস্ট পর্যন্ত মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা বলবৎ থাকবে। এই সময় চার বা তার বেশি জনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরও। ঘটনাচক্রে, এই সময়সীমার মধ্যেই পড়ছে ২১ জুলাই, যে দিন তৃণমূল কংগ্রেসের বার্ষিক শহিদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

২১ জুলাইয়ের কর্মসূচির আগে ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে টানা ৬০ দিনের জমায়েত নিষেধাজ্ঞা জারি করায় প্রশ্ন তুলেছে কালীঘাট তৃণমূল। কলকাতা পুলিশের ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সোমবার বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে তাঁর পক্ষে সওয়াল করেন দলের অপর সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদালতে দাবি করেন, পুলিশের এই নির্দেশিকা মৌলিক অধিকারের পরিপন্থী এবং স্বেচ্ছাচারী। শুনানির পর বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন।

গত বছর পর্যন্ত ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনেই ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশ করত তৃণমূল। তবে বর্তমানে দল ভেঙে দু’টি শিবিরে বিভক্ত কালীঘাটপন্থী তৃণমূল এবং বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। দলের নিয়ন্ত্রণ ও রাজনৈতিক বৈধতা নিয়ে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন অব্যাহত।

ইতিমধ্যেই ঋতব্রত শিবির জানিয়েছে, ধর্মতলার জওহরলাল নেহরু রোডে গাঁধী মূর্তির পাদদেশে ২১ জুলাইয়ের কর্মসূচির জন্য তারা পুলিশি অনুমতি পেয়েছে এবং প্রস্তুতিও শুরু করেছে। অন্য দিকে, কালীঘাট তৃণমূল পুরনো স্থান, অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনেই শহিদ দিবস পালন করার অবস্থানে অনড়। সেই জায়গা পরিদর্শন ও মাপজোক করতে গেলে কালীঘাট শিবিরের কুণাল ঘোষ ও দোলা সেন-সহ কয়েকজনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়।


Share