Assembly Election 2026

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই শুরু দেওয়াল লিখন! বিতর্কের মুখে মুছে ফেলা হল অরুন্ধতী মৈত্রের নাম

রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রের নাম ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ মণ্ডল দেওয়ালে লিখে দেন। খবর সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। তার পরেই সাদা চুন দিয়ে নাম মুছে ফেলা হয়েছে। তবুও বিতর্ক থামছে না।

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক অরুন্ধতী মৈত্র।
নিজস্ব সংবাদদাতা, সোনারপুর
  • শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩

আগামী মার্চ মাসে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার কথা। তৃণমূল কংগ্রেস এখনও তাঁদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তার আগেই এলাকায় লিখে ফেলা হল নাম। সোনারপুর দক্ষিণের তৃণমূলের বিধায়ক অরুন্ধতী মৈত্রের নামে দেওয়াল লিখন হয়েছে। বিতর্কের মুখে পড়ে দেওয়াল মুছে দেওয়া হয়েছে। তৃণমূল বিধায়ক অরুন্ধতীর দাবি, কর্মীরা উৎসাহিত হয়ে এমন কাজ করেছে।

রাজপুর-সোনারপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে বিধায়ক অরুন্ধতী মৈত্র ওরফে লাভলি মৈত্রের নাম ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৃষ্ণ মণ্ডল দেওয়ালে লিখে দেন। খবর সামনে আসতেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়। তার পরেই সাদা চুন দিয়ে নাম মুছে ফেলা হয়েছে। তবুও বিতর্ক থামছে না।

সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়কের দাবি, কর্মীরা অতি উৎসাহী হয়ে এমন কাজ করেছে। অরুন্ধতী মৈত্র বলেন, “নির্বাচন আমাদের কাছে একটা উৎসব। গণতন্ত্রের উৎসব। ভোট আসার কিছুদিন আগে থেকেই কর্মীরা অতি উৎসাহী হয়ে পড়েন। সেই কারণেই দেওয়ালে লেখা শুরু হয়ে যায়। তা নাহলে আমাদের এত ধৃষ্টতা কারও নেই যে, দল ঘোষণা করার আগে যে কোনও ভোটে কারও নাম নিয়ে আমরা দেওয়ালে লেখা শুরু করে দিতে পারি। সেই সাহস বা সেই ধৃষ্টতা কারও নেই।” তাঁর দাবি, যে দেওয়ালে তাঁর নাম লেখা রয়েছে তা নতুন করে চুনকাম করা হচ্ছে। বেশ কিছু জায়গায় পুরনো নাম ছিল সেগুলি নতুন করে তৈরি করা হচ্ছে।

তবে নাম মুছে দেওয়ার পরেও বিতর্ক থামছে না। কে কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন তা নিয়ে এখনও কাজ করছে দল। আগামী মাসেই রাজ‍্যে ঘোষণা হবে বিধানসভা নির্বাচন। দলের প্রার্থী কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তা হওয়ার আগেই কী ভাবে এলাকার দেওয়ালে নাম লেখা হয়ে গেল, তা নিয়ে বিড়ম্বনায় পড়েছে শাসক দল।


Share