Arrest TMC Leader

গোঁফ কেটে পরিচয় গোপনের চেষ্টা, তবু হল না শেষরক্ষা, গ্রিনসিটি দুর্নীতি মামলায় কেরল থেকে গ্রেফতার আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী

আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সমীর ভাণ্ডারি পুরসভার দুর্নীতির অভিযোগ তুলে লিখিতভাবে তদন্তের দাবি জানান। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

গ্রেফতার আরামবাগের প্রাক্তন পুরপ্রধান স্বপন নন্দী।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৬:১৭

পুলিশের চোখ এড়াতে কেরলে গা-ঢাকা দিয়েছিলেন। এমনকি পরিচয় গোপন করতে গোঁফও কেটে ফেলেছিলেন। তবু শেষরক্ষা হল না। গ্রিনসিটি দুর্নীতি মামলায় আরামবাগ পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক স্বপন নন্দীকে কেরল থেকে গ্রেফতার করল হুগলি গ্রামীণ পুলিশের তদন্তকারী দল। গত শুক্রবার কেরলের তিরুঅনন্তপুরম জেলার কাঞ্জিরামপুরম থানা এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাঁকে পশ্চিমবঙ্গে আনা হচ্ছে। সোমবার হুগলির আদালতে স্বপন নন্দীকে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

অভিযোগ, স্বপন আরামবাগ পুরসভার পুরো প্রধান থাকার সময় গ্রিনসিটি প্রকল্পে প্রায় সাত কোটি টাকার দুর্নীতি হয়েছে। আরামবাগের স্কুলগুলির ছাদে সৌর প্যানেল বসানোর জন্য বরাদ্দ করা হয়েছিল ওই টাকা। কিন্তু টাকায় কোনোও কাজ না করে ভুয়ো বিল বানানো হয়। সেই ভুয়ো বিলের মাধ্যমেই তোলা হয় টাকা। আরামবাগ পুরসভার বর্তমান চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সমীর ভাণ্ডারি পুরসভার দুর্নীতির অভিযোগ তুলে লিখিতভাবে তদন্তের দাবি জানান। তাঁর অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। অভিযোগ দায়েরের পর থেকেই আত্মগোপনে ছিলেন স্বপন। তাঁকে গ্রেফতারের জন্য হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়।

ওই মামলায় এর আগে আরামবাগ থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছিল। ধৃতদের মধ্যে রয়েছেন আরামবাগ পুরসভার কর্মী কৌস্তুভ মুখোপাধ্যায়, ইঞ্জিনিয়ার মানস কুণ্ডু এবং ঠিকাদার স্বরভানু ঘোষ। তাঁদের গ্রেফতারের পর থেকেই স্বপনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এরপরেই অবশেষে গ্রেফতার করা হয় অভিযুক্তকে।


Share