TMC Leader Arrest

তোলাবাজি, শ্লীলতাহানি! গ্রেফতার আরও এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, গভীর রাতে তৃণমূল নেতাকে ধরল পুলিশ

তারকেশ্বর চক্রবর্তী ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। তিনি ১১ নম্বর বোরোর চেয়ারম্যানও ছিলেন। তাঁকে শুক্রবার রাতে পুলিশ গ্রেফতার করেছ। শনিবার ধৃতকে আদালতে হাজির করানো হবে।

গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তী।
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর
  • শেষ আপডেট: ২৭ জুন ২০২৬ ১১:৪৪

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে আরও এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। ধৃত তৃণমূল নেতার নাম তারকেশ্বর চক্রবর্তী। তিনি সার্ভে পার্ক এলাকার ১০৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। এ ছাড়াও, তারকেশ্বর ১১ নম্বর বেরোর চেয়ারম্যান ছিলেন। শুক্রবার গভীর রাতে তারকেশ্বর চক্রবর্তীরকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রের খবর, তারকেশ্বরের বিরুদ্ধে সার্ভে পার্ক থানায় দুটি এফআইআর দায়ের হয়েছে। একটি এফআইআরে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। পাশাপাশি, আঘাত করা, সম্পত্তির ক্ষতি করা, অবৈধ ভাবে কাজে বাধা দেওয়া, বিবস্ত্র করার উদ্দেশ্যে মহিলার ওপর বলপ্রয়োগ করা, ভয় দেখানো, চুরি এবং অনধিকার প্রবেশের মতো ধারাও যুক্ত করা হয়েছে। অন‍্য এফআইআরে তোলাবাজির মামলা দায়ের করা হয়েছে।

লালবাজার জানিয়েছে, তারকেশ্বরের বিরুদ্ধে সার্ভে পার্কে অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে। ২৩ জুন এফআইআর দায়ের করা হয়েছিল। শনিবার তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলেও জানা গিয়েছে।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পরে একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। একাধিক হেভিওয়েট নেতা, প্রাক্তন বিধায়ক গ্রেফতার হয়েছেন। এ বার সেই তালিকায় নাম জুড়ল কলকাতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর।


Share