Political Chaos

শুভেন্দুকে হুমকির অভিযোগের মাঝেই ফের চাপে দিলীপ মণ্ডল, বকখালিতে ধৃত ছেলে-সহ ৫, অধরা তৃণমূল বিধায়ক

রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার যৌথ অভিযানে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০১:২৪

দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল এখনও অধরা। কয়েকদিন আগেই তাঁর বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় তদন্তকারীদের চোখে ধুলো দিয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান তিনি। এরপর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে গ্রেফতার করা হল বিধায়কের ছেলে অর্ঘ্য মণ্ডলকে।

রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার যৌথ অভিযানে বকখালির ফ্রেজারগঞ্জ এলাকা থেকে অর্ঘ্য মণ্ডল-সহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

গত বৃহস্পতিবার বিষ্ণুপুরে দিলীপ মণ্ডলের বাড়িতে তল্লাশি চালানোর সময় অর্ঘ্য বাড়িতেই ছিলেন। বিধায়ককে না পেয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেই ফিরে যান তদন্তকারীরা। তবে পরে তদন্তে উঠে আসা কিছু সূত্রের ভিত্তিতেই অর্ঘ্যকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

১৫ মে পুলিশ হুমকি-কাণ্ডের তদন্তে দিলীপ মণ্ডলের বাগানবাড়িতে পৌঁছনোর আগেই তিনি পালিয়ে যান বলে অভিযোগ। প্রথমে একটি ভিডিয়োতে দেখা যায়, পালানোর আগে তিনি জামা বদলাচ্ছেন। পরে আরও একটি ফুটেজ প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় একটি নির্মীয়মাণ বাড়ির পিছন দিক দিয়ে ড্রেন টপকে দ্রুত এলাকা ছাড়ছেন তিনি। সেই সময় তাঁর পরনে ছিল আকাশি নীল টি-শার্ট। তাড়াহুড়োয় তাঁর পাজামা ছিঁড়ে যাওয়ার দৃশ্যও ধরা পড়ে ওই ভিডিওতে।

পুলিশ সূত্রে খবর, দিলীপ মণ্ডলের খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চালানো হচ্ছে। এর আগেও তাঁর পৈলানের বাগানবাড়িতে অভিযান চালানো হয়েছিল। কিন্তু প্রতিবারই পুলিশ পৌঁছনোর আগেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ।

উল্লেখ্য, নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্ত চলাকালীনই এখনও পর্যন্ত অধরা রয়েছেন ওই তৃণমূল বিধায়ক।


Share