Political Chaos

নরেন্দ্রপুরে বিজেপি নেতার ওপর হামলা, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শাসকদলের

অভিযোগ, কয়েক জন দুষ্কৃতী তাঁর উপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

নরেন্দ্রপুর থানা
নিজস্ব সংবাদদাতা, নরেন্দ্রপুর
  • শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:৩৮

দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে বিজেপি নেতার উপর হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা ছড়াল। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার অন্তর্গত খেয়াদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার গভীর রাতে হামলার ঘটনা ঘটে। আক্রান্ত বিজেপি নেতার নাম পাপ্পু সানা। অভিযোগ, কয়েক জন দুষ্কৃতী তাঁর ওপর বাঁশ দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে খবর।

ঘটনার খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ এলাকায় পৌঁছোয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলের কাছের একটি দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এলাকায় পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে। বিজেপির দাবি, হামলাকারীরা যাদবপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, রাত প্রায় দু'টো নাগাদ তাঁরা গাড়ি করে এসে সংস্কৃতি আর্ট গ্যালারির সামনে পাপ্পু সানার উপর হামলা চালায়।

ঘটনা প্রসঙ্গে সোনারপুর উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবাশিস ধর বলেন, ‘আমরা নিজেদের অনেকটা শান্ত করে রেখেছি। তবে তৃণমূলের গুন্ডাবাহিনী কখনও শোধরাবে না। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নরেন্দ্রপুর থানায়। আমরা আইনত ব্যবস্থা নেব।’


Share