TMC Leader Arrest

বাগানবাড়ি থেকে সরকারি ত্রিপল উদ্ধার, রাতের অন্ধকারে নথি পোড়ানোর অভিযোগে গ্রেফতার বাদুড়িয়ার চেয়ারম্যান

পাশাপাশি, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, বাদুড়িয়া
  • শেষ আপডেট: ২৬ মে ২০২৬ ০২:১২

আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, বাদুড়িয়ার একটি নির্জন বাগানবাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল উদ্ধার হয়েছে। পাশাপাশি, গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

স্থানীয় সূত্রে খবর, বাদুড়িয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে দীপঙ্কর ভট্টাচার্যের বাড়ির পাশেই রয়েছে দলীয় কার্যালয় ও একটি বাগানবাড়ি। রবিবার রাতে সেখান থেকেই সরকারি ত্রিপল এবং পোড়া নথি উদ্ধার হয় বলে অভিযোগ। অন্য দিকে চেয়ারম্যানের বাড়ির পাশেই থাকা পুরসভার কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকেও নগদ প্রায় ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে দাবি। অভিযোগ, ওই কেন্দ্রের চাবি চেয়ারম্যানের কাছেই থাকত।

এলাকাবাসীর অভিযোগ, রবিবার গভীর রাতে দলীয় কার্যালয় থেকে ভ্যানে করে বহু ত্রিপল ও অন্যান্য সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন দীপঙ্কর ভট্টাচার্য এবং তৃণমূল কর্মী-সমর্থকেরা। একই সঙ্গে, কার্যালয়ের সামনে বান্ডিল বান্ডিল নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে বাদুড়িয়া থানার পুলিশ এলাকায় পৌঁছোয়।

পুলিশকে আসতে দেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। পরে পুলিশ দলীয় কার্যালয় ও সংলগ্ন বাগানবাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল-সমেত একাধিক সামগ্রী উদ্ধার করে। ঘটনার পর বিজেপির পক্ষ থেকে বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার পরেই সোমবার রাতে গ্রেফতার করা হয় দীপঙ্কর ভট্টাচার্যকে।


Share