Arms Seized

ভোটের মুখে ভাটপাড়ায় অস্ত্র উদ্ধার, গ্রেফতার দুই দুষ্কৃতী

ভাটপাড়ায় পুলিশের তল্লাশিতে উদ্ধার হল দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ। পুলিশ জানিয়েছে, গত কয়েক মাসে এলাকায় ধারাবাহিক ভাবে অস্ত্র উদ্ধার হওয়ায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

ভাটপাড়া থানা
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০১:৪৩

ভোটের প্রাক্কালে উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় ফের অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে ভাটপাড়া থানার পুলিশ অভিযান চালায়। সেই তল্লাশিতেই দুটি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুই দুষ্কৃতী ধরা পড়েছে। ধৃতদের নাম অজয় বিশ্বকর্মা এবং ফিরোজ আলম। তদন্তে উঠে এসেছে, ধৃতদের বিরুদ্ধে জগদ্দল এলাকায় এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ রয়েছে। এ দিন ভোরে জগদ্দলের জিলিপির মাঠে আভিযান চালিয়ে পুলিশ তাদের পাকড়াও করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাস থেকে ২ এপ্রিল পর্যন্ত ভাটপাড়া থানার পুলিশের হাতে মোট ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ৫১টি কার্তুজ উদ্ধার হয়েছে। একই সময়ে ২৭ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের আগে ধারাবাহিক ভাবে বিভিন্ন জায়গায় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। পুলিশের তরফে জানানো হয়েছে, আসন্ন ভোটকে সামনে রেখে এলাকায় নজরদারি আরও কড়া করা হচ্ছে। শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তল্লাশি অভিযান আগামী দিনেও জারি থাকবে।


Share