Assembly Election

রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তান্ডবের ঘটনায় দুই তৃণমূল কাউন্সিলরকে নোটিশ পাঠাল লালবাজার, তিন দিনের মধ্যে থানায় হাজিরার নির্দেশ

পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৩২, ১৭১, ১৮৯(৩), ১৮৯(৪)-সহ মোট ন’টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৩:০৪

বুধবারের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তান্ডবের ঘটনায় কলকাতা পুরসভার দুই কাউন্সিলরকে নোটিশ পাঠাল লালবাজার। আগামী তিন দিনের মধ্যে হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

লালবাজার সূত্রের খবর, ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুন্ডু এবং ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহকে তলব করা হয়েছে। এর পাশাপাশি, এফআইআরে নাম থাকা বাকি ছ’জন তৃণমূল নেতা-কর্মীকেও তলব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে অভিযুক্তদের হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে বলা হয়েছে।

গত বুধবার রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তৃণমূলের জমায়েত ঘিরে দফায় দফায় অশান্তি বাধে। বিজেপির অভিযোগ ছিল, তৃণমূল কর্মীরা তাঁদের ওপর হামলা চালিয়েছে। ভাঙচুর হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মোটরবাইক। তার পরেই সেই মর্মে শিপিং কর্পোরেশন বিল্ডিং-এর বাইরে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়। সেই ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে নড়েচড়ে বসে কলকাতা পুলিশ। পুরসভার দুই কাউন্সিলর-সহ ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, এফআইআরে নাম থাকা ব‍্যক্তিরা শিপিং কর্পোরেশন বিল্ডিং-এর বাইরে ১৬৩ ধারা জারি করা স্বত্বেও জমায়েত করেছে। তাঁদেরকে বারবার সেখান থেকে উঠে যাওয়ার জন‍্য অনুরোধ করা হলেও তাঁরা ইচ্ছাকৃত ভাবে প্রশাসনের কথা শোনেননি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের উদ্দেশ্যে উষ্কানিমূলক মন্তব্য করেছে। পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৩২, ১৭১, ১৮৯(৩), ১৮৯(৪)-সহ মোট ন’টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

তবে দুই তৃণমূল কাউন্সিলর আদৌ পুলিশের তলবে থানায় যাবেন কি না তা নিয়ে স্পষ্ট করেননি। তাঁদের সঙ্গে যোগাযোগ করা করার চেষ্টা করা হলেও তাঁরা ফোন তোলেননি। সাম্প্রতিক কালে তৃণমূলের কোনও নির্বাচিত জনপ্রতিনিধিকে কলকাতা পুলিশ নোটিশ দিয়ে থানায় ডেকে পাঠানোর ঘটনা স্মরণ করতে পারছে না ওয়াকিবহাল মহল।


Share