Assembly Election

মনোনয়ন জমা দেওয়ার মিছিলে হাঁটতে গিয়ে জুতো হারালেন আরামবাগের তৃণমূল সাংসদ, খালি পায়েই মিছিলে হাটলেন মিতালী বাগ

ঘাটাল মহকুমা শাসকের দফতরের সামনে তাঁকে খালি পায়ে হাঁটতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ জানান, মিছিলে ভিড়ের মধ্যে কর্মীদের পায়ের চাপে তাঁর চটি ছিঁড়ে যায় এবং পরে সেটি হারিয়েও যায়।

তৃণমূল সাংসদ মিতালী বাগ
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০২:৫৪

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে তৃণমূল প্রার্থীর সমর্থনে মনোনয়ন মিছিলে অংশ নিতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়লেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। মিছিল চলাকালীন তাঁর পায়ের জুতো হারিয়ে যায়। সেকারণে তাঁকে খালি পায়েই হাঁটতে হয়।

চন্দ্রকোণা বিধানসভার তৃণমূল প্রার্থী হিসেবে সূর্যকান্ত দোলুইয়ের মনোনয়ন জমা দেওয়ার জন্য মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলেই যোগ দিয়েছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগ। চন্দ্রকোনা বিধানসভা আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হওয়ায় তিনি ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ঘাটাল মহকুমাশাসকের দফতরের সামনে তাঁকে খালি পায়ে হাঁটতে দেখা যায়। পরে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সাংসদ জানান, মিছিলে ভিড়ের মধ্যে কর্মীদের পায়ের চাপে তাঁর চটি ছিঁড়ে যায় এবং পরে সেটি হারিয়েও যায়। ভিড়ের মধ্যে থেমে দাঁড়ানোর সুযোগ না থাকায় তাঁকে খালি পায়েই মহকুমাশাসকের দফতর পর্যন্ত যেতে হয়।

পরে অবশ্য তাঁর জন্য নতুন চটি কেনা হয়। সেই নতুন চটি পরেই তিনি সূর্যকান্তের মনোনয়নপত্র দাখিলের অনুষ্ঠানে যান।


Share