Election Commission

কমিশনের দফতরে সামনে বেআইনি জমায়েত, কলকাতা পুরসভার দুই কাউন্সিলর-সহ ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ

রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে বেআইনি ভাবে জমায়েতের অভিযোগে মামলা রুজু করল পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর হয়েছে। মোট ন’জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ১০:৩০

গত কয়েক দিন ধরে রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিকের দফতরের বাইরে তৃণমূলের জমায়েত ঘিরে দফায় দফায় অশান্তি বাধে। সেই মর্মে শিপিং কর্পোরেশন বিল্ডিং-এর বাইরে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৬৩ ধারা জারি হয়েছে। তৃণমূলের কর্মীরা তা-ও অমান‍্য করেছে বলে অভিযোগ। সেই ঘটনায় এ বার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর-সহ ছ’জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, কলকাতা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু, ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিংহের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এ ছাড়াও, তৃণমূলের বিক্ষোভ অংশ নেওয়া মইদুল ইসলাম, মহম্মদ ওয়াসিম, মহম্মদ রিজওয়ান এবং চন্দ্রকান্ত সিংহের নাম এফআইআরে রয়েছে। বাকি অজ্ঞাতপরিচয়ের ব‍্যক্তিদের উল্লেখ করা হয়েছে।

অভিযোগ, এফআইআরে নাম থাকা ব‍্যক্তিরা শিপিং কর্পোরেশন বিল্ডিং-এর বাইরে ১৬৩ ধারা জারি করা স্বত্বেও জমায়েত করেছে। তাঁদেরকে বারবার সেখানথেকে উঠে যাওয়ার জন‍্য অনুরোধ করা হলেও তাঁরা ইচ্ছাকৃত ভাবে প্রশাসনের কথা শোনেননি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়ালের উদ্দেশ্যে উষ্কানিমূলক মন্তব্য করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন‍্যায় সংহিতার ১৩২, ১৭১, ১৮৯(৩), ১৮৯(৪)-সহ মোট ন’টি ধারায় মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকদিন বাদেই। এই আবহে সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনে আসার আগে থেকেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা সেখানে ভিড় জমান। বেলা যত বাড়তে থাকে উত্তেজনা চরমে পৌঁছোয়। এরপর মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার সময় বিজেপির কর্মী-সমর্থকেরাও মিছিল করে নির্বাচন কমিশনের দফতরের সামনে আসে। তৃণমূল ও বিজেপির স্লোগানে উত্তপ্ত হতে থাকে এলাকা। ফর্ম-৬ জমা দেওয়া নিয়ে তৃণমূল কর্মী মহিদুল ইসলামের সঙ্গে বিরোধ বাধে। ভারতীয় ন‍্যায় সংহিতার ১৬৩ ধারা জারি হওয়ার পরে তাঁরা সেখানে জমায়েত করতে না পারলেও কিছুটা দূরে ফের বিক্ষোভে নামেন তাঁরা। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকানোর পরেও ব্যারিকেডের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।


Share