Assembly Election

‘পুলিশ ওয়েলফেয়ারে তালা ঝোলানো হবে,’ ভবানীপুরে প্রচারে এসে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

চক্রবেড়িয়া বাজার থেকে বেরিয়ে বাঁ দিকে বাঁক নেয় মিছিল। হাজার খানেক বিজেপির নেতা-কর্মীদের মিছিল এগিয়ে যায় ভবানীপুর থানার দিকে। মিছিলে ছিলেন বিজেপি নেতা তাপস রায় এবং কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য।

ভবানীপুরে প্রচার শুরু করলেন শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১২:২৮

হাই ভোল্টেজ ভবানীপুর বিধানসভা কেন্দ্র। দিল্লি থেকে কলকাতা ফিরেই প্রচার শুরু করে দিলেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রচারের প্রথম দিনেই ফের কলকাতা পুলিশের একাংশকে নিশানা করলেন তিনি।

বৃহস্পতিবার সকালে কলকাতায় ফিরেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পৌঁছেই তিনি ভবানীপুরের চক্রবেড়িয়া বাজারের দলীয় কার্যালয়ে যান। সেখানকার সাধারণ মানুষের সঙ্গে এবং দোকানদারদের সঙ্গে কথা বলেন। দলীয় কার্যালয়ে আসেন। তার পরেই প্রচারে বেরিয়ে পড়েন। তার আগে নিজের হাতে তুলী টেনে নিয়ে দলীয় কার্যালয়ের বাইরে বিজেপির চিহ্নে রং দেন।

ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু্ অধিকারীর অভিযোগ, স্থানীয় কাউন্সিলর থানায় ২৭ জন বিজেপির কর্মীর নাম পাঠিয়েছে। সেই সব কর্মীদের থানা থেকে প্রসেনজিৎ বিশ্বাস নামে কোনও পুলিশ আধিকারিক তাঁদের ফোন করে হুমকি দিচ্ছে। তার জন‍্য অন‍্য কারোর ফোন ব‍্যবহার করছে। বিজেপি সূত্রের খবর, গত কয়েক দিন ধরে ওই কয়েক জন বিজেপি কর্মীদের ফোন করে থানায় দেখা করতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই বিষয়ে বিরোধী দলনেতা থানার আধিকারিকের সঙ্গে দেখা করেছেন। বিজেপি কর্মীদের দাবি, ওসিকে তিনি বলেছেন, নির্বাচন শুরু হয়ে গিয়েছে। আদর্শ আচরণবিধি শুরু হয়েছে। তাই এ সব আর চমকানি চলবে। না হলে চন্দ্রকোণার মতো থানায় বসে পড়ব।

এ দিন তিনি কালীঘাট থানার প্রাক্তন ওসি বর্তমানের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকেও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “ভবানীপুরে আমি পুলিশকে ব‍্যবহার করতে দেব না। জিরো টলারেন্স। শান্তনু সিংহ বিশ্বাস এবং তাঁর গ‍্যাং শুনে রাখুন। গুন্ডামি করতে দেব না।” এ ছাড়াও, তিনি বলেন, “রাজ‍্যে নির্বাচনের জন্য সাধারণ পর্যবেক্ষক আসুক। ওয়েলফেয়ারে আমি তালা লাগাব।”

চক্রবেড়িয়া বাজার থেকে বেরিয়ে বাঁ দিকে বাঁক নেয় মিছিল। হাজার খানেক বিজেপির নেতা-কর্মীদের মিছিল এগিয়ে যায় ভবানীপুর থানার দিকে। মিছিলে ছিলেন বিজেপি নেতা তাপস রায় এবং কলকাতা দক্ষিণ সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি অনুপম ভট্টাচার্য।


Share