Kolkata Metro

ছেনি-হাতুড়ি থেকে কাঁচা মাছ, কলকাতা মেট্রোয় কোন জিনিস বহন করলেই শাস্তি? প্রকাশ্যে তালিকা

তবে বাড়তি ভিড়ের মধ্যেই সামনে এসেছে একটি বড় সমস্যা অনেক যাত্রী এখনও জানেন না, মেট্রোয় কোন জিনিস বহন করা বৈধ আর কোনগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। এই অজ্ঞতার জেরেই প্রায়শই নিরাপত্তা পরীক্ষার সময় তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি।

কলকাতা মেট্রো
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৮:১৪

কলকাতায় কলকাতা মেট্রোর নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর প্রতিদিনই বিপুল সংখ্যক যাত্রী পাতালপথে যাতায়াত করছেন। সেই কারণে যাত্রী নিরাপত্তা আরও কড়া করতে একাধিক পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল।

তবে বাড়তি ভিড়ের মধ্যেই সামনে এসেছে একটি বড় সমস্যা অনেক যাত্রী এখনও জানেন না, মেট্রোয় কোন জিনিস বহন করা বৈধ আর কোনগুলি সম্পূর্ণ নিষিদ্ধ। এই অজ্ঞতার জেরেই প্রায়শই নিরাপত্তা পরীক্ষার সময় তৈরি হচ্ছে অস্বস্তিকর পরিস্থিতি।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বহু যাত্রীর ব্যাগে এমন সামগ্রী পাওয়া যাচ্ছে যা নিয়ম অনুযায়ী মেট্রোয় বহন করা যায় না। সেই কারণেই এবার বিভিন্ন স্টেশনে স্পষ্টভাবে নিষিদ্ধ সামগ্রীর তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যাতে যাত্রীরা আগে থেকেই সতর্ক থাকতে পারেন। নিরাপত্তাকর্মীদের অভিজ্ঞতা বলছে, নির্মাণকাজে যুক্ত বহু শ্রমিকের ব্যাগে ছেনি, হাতুড়ি, শাবল, কড়াইয়ের মতো সরঞ্জাম থাকে। অনেকেই স্ক্যানারে ব্যাগ দিতে অনীহা দেখান, কারণ তাতে এই সব জিনিস ধরা পড়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় বচসা। এই ঝামেলা কমাতেই মেট্রো স্টেশনগুলিতে স্পষ্ট করে জানানো হয়েছে চারাগাছ, কাঁচা মাছ, কাঁচা মাংস, মদ ইত্যাদিও মেট্রোয় বহন করা যাবে না।

নিষিদ্ধ ধারালো সামগ্রীর তালিকায় রয়েছে তরবারি, মাংস কাটার বড় ছুরি, চার সেন্টিমিটারের বেশি ব্লেডযুক্ত ছুরি এবং কাঁচি। বিস্ফোরক পদার্থের মধ্যে ডিনামাইট, গান পাউডার, আতশবাজি, হ্যান্ড গ্রেনেড, প্লাস্টিক বিস্ফোরক রাখা হয়েছে নিষিদ্ধ তালিকায়। এছাড়া বড় ও ছোট কুঠার, শাবল, হাতুড়ি, কাটারি, করাত, স্ক্রু-ড্রাইভারের মতো সরঞ্জামও মেট্রোয় বহন করা যাবে না।

দাহ্য পদার্থের মধ্যে পেট্রোলিয়ামজাত পদার্থ, বিভিন্ন ধরনের স্পিরিট, দাহ্য তরল, বড় ব্যাটারি এবং মদ বহন করাও শাস্তিযোগ্য অপরাধ বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। নিয়ম ভাঙলে যাত্রীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছে মেট্রো প্রশাসন।


Share