Assembly Election 2026

ছেলে শাসকদলের প্রার্থী, মা লড়বেন বিজেপির টিকিটে, মায়ের আশীর্বাদ নিয়েই প্রচারে নামলেন তৃণমূলের রঞ্জন

গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়িতে শিখাকে প্রার্থী করে বিজেপি। ওই আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন তখন সেখানকার দু’বারের বিধায়ক গৌতম দেব। শিখা ২৭ হাজারের বেশি ভোটে গৌতম দেবকে হারিয়ে দেন।

তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মাকে মিষ্টিমুখ করালেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, ফুলবাড়ি
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০২:৫৩

বিজেপি ও তৃণমূল প্রার্থী ‘মা-ছেলে’। একই পরিবারের দুই সদস্য ভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রী। কিন্তু, ছোটবেলা থেকে যাঁর কাছে কার্যত মানুষ, যাঁর হাত ধরে রাজনীতিতে প্রবেশ, ভোট ময়দানে তিনিই প্রতিপক্ষ! এর জেরে অস্বস্তিতে দু’জনই।

ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা মা বলেই ডাকেন বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়কে। তৃণমূলের টিকিট পাওয়ার পরই বিজেপি বিধায়ক ‘মা’ শিখা চট্টোপাধ্যায়ের আশীর্বাদ নিয়েই প্রচারে নামলেন তিনি।

খুব ছোটবেলায় বাবাকে হারান রঞ্জন। এরপর শিখা চট্টোপাধ্যায়ের কাছে ছোট রঞ্জনকে নিয়ে গিয়েছিলেন তাঁর জন্মদাত্রী মা। শিখাকে অনুরোধ করেন, ছেলেকে দেখভাল করার জন্য। তারপর রঞ্জনের জন্মদাত্রীও মারা যান।

কার্যত ছোটবেলা থেকে রঞ্জনকে মানুষ করেছেন শিখা। তাঁকে মা বলেই ডাকেন রঞ্জন। শুধু বড় করা নয়, রঞ্জনের রাজনীতিতেও প্রবেশ শিখা চট্টোপাধ‍্যায়ের হাত ধরে।

শিখাও একসময় তৃণমূলই করতেন। কিন্তু মনোমালিন্য হওয়ায় দল বদলান তিনি। পদ্ম শিবিরে চলে যান। মা দল বদলালেও রঞ্জন তৃণমূলেই থেকে যান। এই মুহূর্তে শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন। দার্জিলিং তৃণমূল কংগ্রেসের সমতলের সাধারণ সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়িতে শিখাকে প্রার্থী করে বিজেপি। ওই আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন তখন সেখানকার দু’বারের বিধায়ক গৌতম দেব। শিখা ২৭ হাজারের বেশি ভোটে গৌতম দেবকে হারিয়ে দেন। তবে বিধানসভা নির্বাচনের সময় শিখার বিরুদ্ধে ব্যক্তিগত ভাবে রঞ্জন প্রচার করেননি বলে স্থানীয় তৃণমূল নেতাদের দাবি। এ বার সেই রঞ্জনকে প্রার্থী করে বাজিমাতের কৌশল নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।


Share