Bomb Blast

বিধানসভা নির্বাচন ঘোষণা হতেই রক্তাক্ত ভাঙড়, পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, এক জনের মৃত্যু

বোমা তৈরির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

এই বাড়িতেই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
নিজস্ব সংবাদদাতা, ভাঙর
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৫:৫৭

বিধানসভা নির্বাচনের আবহে ফের রক্ত ঝরল ভাঙড়ে। বুধবার রাতে চালতাবেড়িয়া এলাকার বামনিয়ায় একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়েছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতের দিকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তবে এখনও পর্যন্ত নিহত এবং জখমদের পরিচয় জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে বোমা বাঁধাতে গিয়ে ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছে পুলিশ।

ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ)-এর দাবি, ওই বাড়িতে বোমা তৈরির কাজ চলছিল। সেই সময়েই বিস্ফোরণ ঘটে। দলের অভিযোগ, ঘটনায় নিহত এবং জখমদের সবাই তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থক।

যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে, বিস্ফোরণের পর এলাকায় উত্তেজনা আরও বেড়েছে।

উল্লেখ্য, ভাঙড় এলাকা আগেও একাধিক বার রাজনৈতিক অশান্তির জন্য শিরোনামে এসেছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই ওই এলাকায় উত্তেজনা বাড়ছে। ঘটনায় কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ বলেন, “একটি ঘটনা ঘটেছে। অন‍্যদিকে একটি দেহ মিলেছে। দু’টি ঘটনা এক কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় কড়া পদক্ষেপ করা হবে”। এই বিস্ফোরণের ঘটনার পর ফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।


Share