Body Recovery

শান্তিপুরে নবম শ্রেণির ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

শুক্রবার সকালে বাড়ি থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ০৭:৪০

নদিয়ার শান্তিপুরের গোপালপুর দরগাতলা এলাকায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগেই ওই ছাত্রীর বাবা মারা যান। মা-ও তাঁর সঙ্গে থাকেন না। দিদির বিয়ে হয়ে গিয়েছে। অন্য দিকে, ভাই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন। ভাইয়ের পাঠানো অর্থেই বাড়িতে থেকে পড়াশোনা করত ওই ছাত্রী।

এলাকাবাসীদের দাবি, শনিবার তার পরীক্ষা ছিল। শুক্রবার সকালে দীর্ঘক্ষণ ওই ছাত্রীর ঘর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাতেই স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে বিষয়টি নজরে আসতেই পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ওই মোবাইল ফোন এবং অন্যান্য বিষয় পুলিশ খতিয়ে দেখছে।

ছাত্রীর মৃত্যুর পিছনে পরীক্ষাজনিত কোনও চাপ, ব্যক্তিগত কোনও বিষয়, নাকি অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন মহলে নানা জল্পনা তৈরি হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাব্য কারণকে নিশ্চিত বলে মনে করছে না পুলিশ।

ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় গোপালপুর দরগাতলা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


Share