Body Recovery

ক্যানিংয়ে রাস্তায় যুবকের গলাকাটা দেহ উদ্ধার, খুনের অভিযোগে তদন্ত শুরু করল পুলিশ

প্রাথমিক ভাবে পুলিশ এটিকে খুন বলেই সন্দেহ করছে, যদিও মৃতের পরিচয় এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং যুবককে ঘটনাস্থলেই খুন করা হয়েছে নাকি অন্যত্র হত্যার পর দেহ ফেলে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, ক্যানিং
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২০

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে রাস্তায় এক যুবকের গলাকাটা দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এই ঘটনাকে খুন বলেই সন্দেহ করছে। মৃতের পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ক্যানিং থানা এলাকার সাতমুখী সংলগ্ন বাবলাতলা–গাজীপাড়া সংযোগ সড়কের মাঝামাঝি জায়গায় বৃহস্পতিবার ভোরে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সাতমুখী পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। সেখান থেকে ক্যানিং থানায় বিষয়টি জানানো হয়। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। দেহটি উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, বেশ কিছুক্ষণ আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তাঁর বয়স আনুমানিক ৪০ বছর বলে অনুমান করা হচ্ছে।

থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। যুবককে কি ঘটনাস্থলেই খুন করা হয়েছে? নাকি অন্য কোথাও হত্যার পর দেহ এনে ফেলে দেওয়া হয়েছে? সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। মৃতের পরিচয় জানতে ইতিমধ্যেই আশপাশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবি, যে রাস্তায় দেহটি পাওয়া গিয়েছে সেটি মূলত মাটির রাস্তা। দিনে কিছুটা যাতায়াত থাকলেও সন্ধ্যার পর থেকে ওই এলাকা প্রায় জনমানবশূন্য হয়ে পড়ে। অভিযোগ, রাতের দিকে সেখানে দুষ্কৃতীদের আনাগোনা থাকে।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে একই এলাকায় এক অজ্ঞাতপরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনা ঘটেছিল। দুটি ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ঘটনার কিনারা করতে তদন্ত জোরদার করা হয়েছে।


Share