Hanging Body Recovery

নদিয়ার নবদ্বীপে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১০:১৬

নদিয়ার নবদ্বীপে এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে নিজের ঘর থেকে ওই সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম শুভঙ্কর ঘোষ (৩৯)। ঘটনার পর থেকেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভঙ্কর নবদ্বীপ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের পলতা ঘাট রোডের বাসিন্দা ছিলেন। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি তাঁর আচরণেও বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেশার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।

বুধবার সকালে পরিবারের সদস্যরা প্রথম শুভঙ্করের ঝুলন্ত দেহ দেখতে পান। এরপরই নবদ্বীপ থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা শুরু করেছে তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


Share