DA

রাজ্যের পেনশনভোগীদের জন্য বড় সুখবর, ২০০৮-২০১৫ সালের আটকে থাকা এরিয়ারের টাকা মেটানোর সিদ্ধান্ত, চলতি মাসেই মিলবে প্রথম কিস্তি

নবান্ন সূত্রের খবর, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি কর্মচারীদের জমে থাকা এরিয়ার বকেয়ার ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছে রাজ্য সরকার।

নবান্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ১১:৪৯

রাজ্যের পেনশনভোগীদের জন্য সুখবর। সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সরকারি কর্মচারীদের বিভিন্ন বকেয়া মেটানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। তারই অংশ হিসেবে গত সাত বছর ধরে আটকে থাকা পেনশনের এরিয়ার (বকেয়া) অর্থ এ বার সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করা হবে।

নবান্ন সূত্রের খবর, ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে সরকারি কর্মচারীদের জমে থাকা এরিয়ার বকেয়ার ৫০ শতাংশ অবিলম্বে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্তে নীতিগত সম্মতি দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি কর্মচারী সংগঠনগুলির যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ প্রশাসনিক কর্তাদের বৈঠকের পরেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে।

প্রশাসন ও যৌথ মঞ্চের মধ্যে হওয়া সমঝোতা বৈঠকের পর জানা গিয়েছে, ২০১৫ সালে ব্যাঙ্কগুলিতে কম্পিউটারাইজেশন ও তথ্যপ্রযুক্তির আধুনিকীকরণের সময় কিছু প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়েছিল। সেই সমস্যার জেরেই ২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত পেনশনের বকেয়া প্রদান দীর্ঘদিন ধরে আটকে ছিল। বিষয়টি নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে বহু দফা আলোচনা ও টানাপড়েন হলেও কোনও সমাধান হয়নি। তবে বর্তমান সরকারের সঙ্গে যৌথ মঞ্চের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং সমস্যা সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রাথমিক হিসেব অনুযায়ী, চলতি মাসেই বকেয়া এরিয়ারের ঠিক অর্ধেক অর্থাৎ ৫০ শতাংশ টাকা সরাসরি অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বাকি অর্ধেক টাকা সমস্ত হিসাব-নিকাশ খতিয়ে দেখার পর ধাপে ধাপে সম্পূর্ণ মিটিয়ে দেবে রাজ্য সরকার। এর ফলে রাজ্যের বঞ্চিত প্রাক্তন কর্মচারীরা অবশেষে একটি বড়সড় আর্থিক সুবিধা পেতে চলেছেন।

এ দিকে, রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও একটি বড় স্বস্তির খবর দিয়েছে সরকার। মহার্ঘ্য ভাতা বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন সরকারি ও আধা-সরকারি কর্মী, অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীরা। রাজ্যের সাম্প্রতিক বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণার পর জানানো হয়েছে, এতদিন যাঁরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন, তাঁদের জন্য অতিরিক্ত ২০ শতাংশ ডিএ অনুমোদন করা হয়েছে। ফলে মোট ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্ধিত এই ৩৮ শতাংশ ডিএ আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে কার্যকর হবে।


Share