Amit Shah

বিজেপি নেতৃত্বাধীন সরকারের ১০০ দিন পূর্তিতে রাজ‍্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বৈঠক করতে হবে প্রসাশনের শীর্ষ কর্তাদের সঙ্গে

গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকার শপথ নেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আগামী ১৯ মে এই সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ০৮:০৯

গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের প্রথম বিজেপি নেতৃত্বাধীন সরকার শপথ নেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আগামী ১৯ মে এই সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। সূত্রের খবর, তার পরের কোনও একটা দিন ১০০ দিন পূ্র্তি অনুষ্ঠান করবে রাজ‍্য সরকার। সেই অনুষ্ঠানেই যোগ দিতে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসবেন। তবে এই সফরে বিজেপির কোনও কর্মসূচি রয়েছে কি না তা এখনও জানা যায়নি। রাজ‍্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ২০ অগস্ট রাজ‍্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২২ অগস্ট পর্যন্ত তিনি শহরে থাকবেন।

এই সফরে তিনি উত্তরবঙ্গ যাবেন কি না তা এখনও স্পষ্ট নয়। গত মাসে তিন দিনের সফরে রাজ‍্যে তিনি এসেছিলেন। উত্তরবঙ্গে তিনি সীমান্ত সুরক্ষা নিয়ে রাজ‍্য বিএসএফ, রাজ‍্য পুলিশকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন। বৈঠকে ছিলেন আইবির কর্তারাও। তাতে একাধিক নির্দেশ দিয়েছিলেন। সীমান্তে মাদক পাচার রুখতে এএনটিএফ নামে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দিয়েছিলেন। পরের দিন, কলকাতা পুলিশের কর্তাদের নিয়ে পৃথক ভাবে বৈঠক করেছিলেন। কলকাতার বৈঠকেও একাধিক নির্দেশ পুলিশ কর্তাদের দিয়েছিলেন।

জানা গিয়েছে, এই সফরেও একই ভাবে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক রয়েছে। আগের বৈঠকে দেওয়া নির্দেশগুলি ঠিকমতো বাস্তবায়িত হয়েছে কি না তা এই বৈঠকে শীর্ষ কর্তাদের কাছ থেকে জানতে চাওয়া হতে পারে। তার আগে নিজেদের মধ্যে বৈঠক করে প্রস্তুতি সেরে নিচ্ছেন কর্তারা। সেই মর্মে মঙ্গলবার সন্ধ্যায় নবান্নে পুলিশকর্তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠক শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।


Share