Suvendu Adhikari

জনতার দরবারে পার্ক স্ট্রিটের দুধ গরম করা মহিলা, দেখা হল মুখ্যমন্ত্রীর সঙ্গে, ‘মমতার চক্করে যাননি’, বললেন শুভেন্দু অধিকারী

গত কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাতে এক মহিলাকে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখে রেগে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাচ্চার জন‍্য দুধ গরম করছিলেন বলে মন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে উঠে যাওয়ার জন‍্য নির্দেশ দেন। সেই নিয়ে রাজনৈতিক টানাপড়েন চলছে।

‘জনতার দরবার’-এর অনুষ্ঠানে গেলেন পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ আগস্ট ২০২৬ ০৬:৩০

কোলে শিশু, হাতে দুধের বোতল। সল্টলেকের বিজেপির দলীয় কার্যালয়ে ‘জনতার দরবার’-এর অনুষ্ঠানে গেলেন পার্ক স্ট্রিটের ফুটপাতে দুধ গরম করা সেই মহিলা। মঙ্গলবার দুপুরে তাঁরা মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। তার সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন শুভেন্দু অধিকারী।

ভবানীপুরের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় ওই ফুটপাতবাসীকে টাকা পাঠিয়েছিল। বিজেপির বিরুদ্ধে কথা বলার জন‍্যই টাকা পাঠিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় লোক পাঠিয়ে বলেছেন, টাকা নাও, বিজেপির বিরুদ্ধে বলো। কিন্তু সীতাদেবী কিন্তু বিজেপির ওপরে ভরসা রেখেছেন। মুখ্যমন্ত্রীকে তিনি ভরসা করি।” মুখ্যমন্ত্রী এ-ও বলেন, “আমি ওঁকে (সীতাদেবী) বললাম, ফুটপাতে থাকবেন না। ফুটপাত মানুষের চলাচল করার জন‍্য। আপনার থাকার ব্যবস্থা করব।”

সিপিএম এবং তৃণমূলকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “উনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। এই যে মাকুরা, বামপন্থীরা অনেক ছড়া লিখেছেন। এরা ৫০ বছর ছিল। ৩৪ বছরেও আপনারা খোঁজ নেননি। ১৫ বছরে তৃণমূল এদের কোনও খোঁজ নেয়নি।”

গত কয়েক দিন আগে পার্ক স্ট্রিটের ফুটপাতে এক মহিলাকে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করতে দেখে রেগে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বাচ্চার জন‍্য দুধ গরম করছিলেন বলে মন্ত্রীকে জানিয়েছিলেন তিনি। সেখান থেকে উঠে যাওয়ার জন‍্য নির্দেশ দেন। সেই নিয়ে রাজনৈতিক টানাপড়েন চলছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ওই মহিলার দায়িত্ব নেবেন। সহকর্মীর বাড়িতে ওই মহিলাকে রাখতে চান। এই বিষয়ে মুখ‍্যমন্ত্রী বলেন, “মমতার সহকর্মীরাই তাঁর ওপরেই ভরসা রাখতে পারছেন না।”

মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “অনাবশ্যক সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি। আমার সেটা একটু নরম ভাবে বা বুঝিয়ে বলা দরকার ছিল।” পাশাপাশি, ফের বলেন, “ফুটপাত হাঁটাচলার জন্য, বসবাসের জন্য নয়।” শিল্প-বিনিয়োগের প্রশ্নে শহরের রাস্তাঘাটকেও উপযোগী করে তোলার কথা বলেন মন্ত্রী।

পার্কস্ট্রিটের যে এলাকায় মন্ত্রী গিয়েছিলেন তা ভবানীপুর বিধানসভা এলাকার মধ্যে পড়ে। ওই কেন্দ্রের বিধায়ক মুখ‍্যমন্ত্রী শুভেন্দু নিজেই। এ দিন শিশু-সহ মহিলা জনতার দরবারে মুখ‍্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসাকে রাজনৈতিক বার্তা হিসেবে মনে করছেন বিশেষজ্ঞরা।


Share