West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill, 2026

রাজ‍্য সরকারের ‘জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ’ বিল পাঠানো হয়েছে রাষ্ট্রপতির কাছে, পোষ্ট করে জানাল স্বরাষ্ট্র মন্ত্রক

বিলে কোথাও ‘গুন্ডা’ শব্দের ব‍্যবহার করা হয়নি বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিলটি রাষ্ট্রপতির কাছে সম্মতির জন‍্য পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৬

রাজ‍্য সরকারের ‘জননিরাপত্তা এবং সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ’ বিল দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হয়েছে। এটা ‘গুন্ডাদমন বিল’ নয়। বিলে কোথাও ‘গুন্ডা’ শব্দের ব‍্যবহার করা হয়নি বলে শুক্রবার রাতে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিলটি রাষ্ট্রপতির কাছে সম্মতির জন‍্য পাঠানো হয়েছে।

শনিবার অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ‘পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল, ২০২৬’ রাজ‍্যপাল সংরক্ষিত করেছিল। সেই বিলটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিবেচনার জন্য পাঠানো হয়েছে। বিলটিকে পর্যালোচনা এবং মতামতের জন‍্য কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং বিভাগগুলিতে পাঠানো হয়েছে। তাই রাজ‍্য সরকারের ওই বিলটি এখনও পর্যালোচনার অধীনে রয়েছে।

রাজ‍্য সরকারের বহুচর্চিত ‘গুন্ডা দমন বিলটি’-কে রাজ‍্যের কাছে ফেরত পাঠানো হয়েছিল বলে এমন খবর শুক্রবার সামনে আসে। জানা যায় প্রস্তাবিত বিলের Prevention of Illicit Traffic in Narcotic Drugs and Psychotropic Substances Act, 1988 (PITNDPS Act)-এর অধীনে থাকা প্রতিরোধমূলক আটক ব্যবস্থার সঙ্গে সংঘাত তৈরি করতে পারে। তাই বিলটি পুনরায় বিবেচনা জন‍্য ফেরত পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে শুক্রবার সারাদিন রাজনৈতিক তরজা চরমে ওঠে। রাজ‍্য সরকারকে বিরোধীরা কটাক্ষ করতে থাকে।

গতকাল রাতে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই খবরকে একেবারেই ভুয়ো বলে দাবি করেন। বিরোধীদের অপপ্রচার বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, এই বিলের দু’টি অংশ ছিল। একটি অংশ বাস্তবায়িত হয়ে গিয়েছে। অপর অংশটিকে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী এ-ও জানান, কোনও বিলটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রয়েছে। রাষ্ট্রপতির কাছে তা পাঠানোর জন‍্য প্রক্রিয়া শুরু হয়েছে। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রক সমাজমাধ‍্যমে পোস্ট করে জানিয়ে দিল— বিলটি রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।


Share