Nabanna

সরকারি কর্মীদের জন্য খাতা-কার্ডের যুগ শেষ, ফেস রেকগনিশনে হবে উপস্থিতি নথিভুক্ত

হাজিরা খাতায় স্বাক্ষর বা কার্ড পাঞ্চের পরিবর্তে এবার কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করা হবে ‘ফেস রেকগনিশন অ্যাটেনডেন্স সিস্টেম’-এর মাধ্যমে। অর্থাৎ মুখের ছবি শনাক্ত করেই উপস্থিতি রেকর্ড করা হবে।

নবান্ন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৯:২৭

নবান্নের নির্দেশে আগামী ১৫ জুন থেকে রাজ্যের সরকারি অফিসগুলিতে বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করা হচ্ছে। বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়ম সমস্ত স্তরের সরকারি আধিকারিক ও কর্মীদের জন্য প্রযোজ্য হবে। প্রথম পর্যায়ে ১৫ জুন থেকে নবান্নে চালু হবে নতুন ব্যবস্থা, আর ৩১ জুলাইয়ের মধ্যে ধাপে ধাপে রাজ্যের অন্যান্য সরকারি দফতরেও তা কার্যকর করা হবে।

রাজ্য সরকারের দাবি, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাজিরা খাতায় স্বাক্ষর বা কার্ড পাঞ্চের পরিবর্তে এবার কর্মীদের উপস্থিতি নথিভুক্ত করা হবে ‘ফেস রেকগনিশন অ্যাটেনডেন্স সিস্টেম’-এর মাধ্যমে। অর্থাৎ মুখের ছবি শনাক্ত করেই উপস্থিতি রেকর্ড করা হবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ১১ মে নবান্নে প্রশাসনিক বৈঠক করার পর থেকেই সরকারি কর্মীদের সময়মতো অফিসে আসা ও বেরোনো নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। বিকেল পাঁচটা ১৫ মিনিটের আগে অফিস ত্যাগ করাও যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সকাল ১০টা ১৫ মিনিট থেকে ১১টার মধ্যে অফিসে এলে সংশ্লিষ্ট কর্মীর নামে ‘লেট মার্ক’ নথিভুক্ত হবে। আর ১১টার পরে উপস্থিত হলে সেই দিনের হাজিরা বাতিল বলে গণ্য করা হবে। একইভাবে নির্ধারিত সময়ের আগে অফিস ছাড়লেও তা পৃথকভাবে চিহ্নিত করা হবে। প্রশাসনের অন্দরে দীর্ঘদিন ধরে হাজিরা সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হচ্ছিল না বলে অভিযোগ ছিল। নতুন বায়োমেট্রিক ব্যবস্থা সেই পরিস্থিতিতে কড়া নজরদারি নিশ্চিত করবে বলেই মনে করা হচ্ছে।


Share