RG Kar Case

আরজি কর মামলায় কর্তব‍্যে গাফিলতির অভিযোগ, বিনীত, ইন্দীরাদের সাসপেনশনের মেয়াদ বাড়াল রাজ‍্য সরকার

আরজি কর মেডিকেলের ঘটনায় আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিবিআই। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে তলবও করা হয়েছিল। গত মাসেই তাঁরা গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ঘটনায় তাঁদের ভূমিকা কী ছিল তা নিয়ে সিবিআই বয়ান রেকর্ড করেছে।

(বাঁ দিক থেকে) বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্ত।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৬ ০১:১৯

আরজি কর মেডিকেলের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুন ঘটনায় তিন আইপিএস অফিসারকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাসপেন্ড করেছিলেন। সেই সাসপেনশনের মেয়াদ আরও বাড়ল। সূত্রের খবর, আরও ১২০ দিন সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। ওই ঘটনায় তাঁদের ভূমিকা কী ছিল তা, খতিয়ে দেখা হচ্ছে।

আরজি মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার ফাইল নতুন করে খুলেছে রাজ‍্য সরকার। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তা ঘোষণা করেন। সেই ঘটনার সময় কলকাতা পুলিশের কমিশনার ছিলেন বিনীত গোয়েল, ডেপুটি কমিশনার (উত্তর) ছিলেন অভিষেক গুপ্ত এবং ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) ছিলেন ইন্দিরা মুখোপাধ্যায়। ঘটনায় এই তিন আইপিএস অফিসারের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। নতুন করে এই তিন জনকেই তদন্তের মুখোমুখি হতে হচ্ছে। এ বার তাঁদের সাসপেনশনের মেয়াদ আরও ১২০ দিন বৃদ্ধি করল রাজ‍্য সরকার। 

আরজি কর মেডিকেলের ঘটনায় আদালতের নির্দেশে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে সিবিআই। বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় এবং অভিষেক গুপ্তকে তলবও করা হয়েছিল। গত মাসেই তাঁরা গিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। ঘটনায় তাঁদের ভূমিকা কী ছিল তা নিয়ে সিবিআই বয়ান রেকর্ড করেছে।

২০২৪ সালে ৯ অগাস্ট আরজি কর হাসপাতালের মেডিসিন বিভাগের এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পরের দিনই রাতে সঞ্জয় রায় নামে কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে। আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। কিন্তু ঘটনার তদন্তে গাফিলতির অভিযোগে রাজ‍্য উত্তাল হয়েছে। বিনীত গোয়েলকে অপসারণের দাবি ওঠে। কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কমিশনার পদ থেকে সরালেও এসটিএফে বদলি করে দেন। কখনও নির্যাতিতার নাম প্রকাশ‍্যে বলা, হাসপাতালে অসাধু চক্রে মদত দেওয়ার মতো অভিযোগ উঠেছিল। ইন্দিরা এবং অভিষেককে সেই সময় একাধিক সাংবাদিক বৈঠক করেছিলেন। তাঁদের বিরুদ্ধেও কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে।


Share