Jadavpur Student Clash

প্ররোচনার পাল্টা প্ররোচনা! ছাত্র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, এবিভিপির কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ, জখম তিন জন

কমিউনিস্ট ছাত্র সংগঠনের পাল্টা অভিযোগ, এবিভিপির সমর্থকরেরা আমাদেরকে মারতে বাঁশ নিয়ে মারতে আসে। আমদের নকশাল বলে দাগিয়ে দেয়। আমাদের বাইরে মারতে মারতে নিয়ে যায়।

যাদবপুর থানার বাইরে বিক্ষোভে এবিভিপি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১২:৫৯

ছাত্র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, একটি গভর্নিং বডির বৈঠককে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয়। কমিউনিস্টদের ছাত্র সংগঠন এবং এবিভিপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় অন্তত তিনজন জখম হয়েছে বলে জানা গিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় একটি গভর্নিং বডির বৈঠক ডাকে এসএফআই, ডিএসও, আইসা, পিএসএসএফ, আরএসএফ-সহ একাধিক কমিউনিস্ট সংগঠন। সেই সময় এবিভিপির সমর্থকেরা সেখানে জড়ো হয়। প্ররোচনা এবং পাল্টা প্ররোচনায় দু’পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়। সেই সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ। এর পরেই আচমকা হাতাহাতি শুরু হয়।

এবিভিপির অভিযোগ, বর্তমানে রাজ‍্য সরকার সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভোট না হওয়ায় বোর্ড ভাঙা রয়েছে। কমিউনিস্ট ছাত্র সংগঠন জিবি বৈঠক ডেকে ছাত্র প্রতিনিধি ঠিক করছিল। এই প্রক্রিয়া বেআইনি বলে দাবি করে তারা। তা নিয়ে প্রতিবাদ জানালে তাঁদের ওপরে চড়াও হয়।

এবিভিপি কর্মীদের অভিযোগ, ২০ থেকে ৩০ জন মিলে তাঁদের কর্মীদের বেধড়ক মারধর করেছে। ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখার এবিভিপির সভাপতি নিখিল দাস-সহ তিন পড়ুয়া জখম হয়েছেন। তাঁদের নিকটবর্তী কেপিসি মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।

খবর পেয়ে যান যাদবপুরের বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ, এবিভিপির ছেলেদের মারধর করেছে। যাদবপুরে সিপিএম একটা বুথে জিতেছে। তাই গায়ে জ্বালা ধরেছে।” সিপিএম নেতা শ্রীজন ভট্টাচার্যকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “এক ঘন্টার মধ্যে অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ এবং সাগনিক সরকারদের থানায় আত্মসমর্পণ না করান তা হলে যেখানে লুকিয়ে থাকবে সেখান থেকে টেনে নিয়ে আসব।”

এর পরে এবিভিপির কর্মীরা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে যাদবপুর থানার বাইরে বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রের খবর, ঘটনা নিয়ে এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন লালবাজারের এক পুলিশকর্তা।

কমিউনিস্ট ছাত্র সংগঠনের পাল্টা অভিযোগ, এবিভিপির সমর্থকরেরা আমাদেরকে মারতে বাঁশ নিয়ে মারতে আসে। আমদের নকশাল বলে দাগিয়ে দেয়। আমাদের বাইরে মারতে মারতে নিয়ে যায়।


Share