Yuba Bharati Stadium

নীচে পা ওপরে গোল মতো একটা বস্তু! যুবভারতীর বাইরে 'কিম্ভূত কিমাকার' মূর্তি সরানোর নির্দেশ রাজ্যের ক্রীড়ামন্ত্রীর

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নিশীথ বলেন, “এটা এক রকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি। একটা কাটা পা তার ওপর ফুটবল। আমার তো মনে হয়, এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছিল।”

যুবভারতীর বাইরে এই সেই মূর্তি।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১১:০২

এ কেমন মূর্তি! নীচে পা ওপরে রয়েছে গোল মতো এটা বস্তু। তাতে লেখা রয়েছে ‘বিশ্ববাংলা’। এমন 'কিম্ভূত কিমাকার' মূর্তি অবিলম্বে যুবভারতী স্টেডিয়ামের বাইরে থেকে সরানোর নির্দেশ দিলেন রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। রবিবার ডার্বি ম্যাচ দেখতে এসে এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে দিয়েছেন। 

সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে যে মূর্তির বসানো রয়েছে তাতে পা থেকে কোমর পর্যন্ত রয়েছে। দেহ নেই। কোমরের ওপরে একটি গোলাকৃত ‘বিশ্ববাংলা’-র লোগো বসানো রয়েছে। অনেকে বলছেন ফুটবল। কিন্তু আদতে ওটা কী তা নিয়ে ধন্দে এখনও রয়ে গিয়েছে। ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের বরাত পেয়েছিল ভারত। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে বেশ গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ পড়েছিল। ২০১৭ সালে সল্টলেকে যুবভারতী স্টেডিয়াম ঢেলে সাজানো হয়। আর স্টেডিয়ামের বাইরে বসানো হয় 'কিম্ভূত কিমাকার' এই মূর্তিটি।

রাজ‍্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই মূর্তির ডিজাইন তৈরি করেছিলেন। মূর্তিটির পায়ে থাকা বলে লেখা 'জয়ী' রয়েছে। স্টেডিয়ামের ঠিক বাইরে বিশাল এই মূর্তি তৈরি করা হয়েছিল। স্টেডিয়ামের ভিভিআইপি গেটের পাশে এই মূর্তিটি রয়েছে। প্রথম থেকেই এই মূর্তি নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। যদিও অনেকেই এই মূর্তির অর্থ ঠিক কী তা তাঁরা খুঁজে পাননি। ময়দানের তিন প্রধান— ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সমর্থকদের মধ্যে এই মূর্তি নিয়ে শুরু থেকেই ক্ষোভ ছিল। জায়গা নষ্ট করে এমন মূর্তি বসানোর কী দরকার তা নিয়ে প্রশ্ন ওঠে।

রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলে। বিপুল সংখ্যক জনসমর্থন নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। বিজেপি সরকারের নতুন ক্রীড়ামন্ত্রী হয়েছেন নিশীথ প্রামাণিক। রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী রবিবার যুবভারতী স্টেডিয়ামে গিয়েছিলেন আইএসএলে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি দেখতে গিয়েছিলেন। ম্যাচ শেষ হওয়ার পর নিশীথ জানিয়ে দিলেন, ভিভিআইপি গেটের পাশের এই মূর্তি সরিয়ে দেওয়া হবে। এই মূর্তি এখানে থাকলে শোভনীয় দেখাচ্ছে না বলেও জানান রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী। 

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়ামন্ত্রী নিশীথ বলেন, “এটা এক রকম অদ্ভূত বিদঘুটে একটা মূর্তি। একটা কাটা পা তার ওপর ফুটবল। আমার তো মনে হয়, এই মূর্তি লাগানোর পর থেকেই আগের সরকারের খারাপ দিন আসা শুরু হয়ে গিয়েছিল। তারপর মেসিকাণ্ড হল। সরকার চলে গেল।” রাজ‍্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আরও বলেছেন, “আমরা নিশ্চিত ভাবেই এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, আমরা রাখব না, আমরা সেটা পরিবর্তন করব।” 

ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে খুশি দুই প্রধানের সমর্থকেরাও। গতকাল অনেকেই ম্যাচ দেখে বেরনোর সময় ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তের কথা শুনে বলেছেন, “আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না এটা কীসের মূর্তি। এর পরিবর্তে ভারতের এত বিখ্যাত ফুটবলার রয়েছেন, বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী বা বিদেশের কোনও বিখ্যাত ফুটবলারের মূর্তি বসানো হলে ভাল হবে।”


Share