SSKM

পুরনো আইডি কার্ডে এসএসকেএমে ঢুকে চুরি! ট্রমা কেয়ার ইউনিট থেকে উধাও লক্ষাধিক টাকার সরঞ্জাম, গ্রেফতার প্রাক্তন কর্মী

ভবানীপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে, এর আগেও অভিযুক্ত একই ধরনের অপরাধে জড়িত ছিলেন কি না। হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার সকাল আটটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত এক নার্স প্রথম লক্ষ্য করেন যে অর্থোপেডিক ইমপ্লান্ট-সমেত একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিখোঁজ।

এসএসকেএম হাসপাতাল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৪

এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট থেকে কয়েক লক্ষ টাকার মেডিকেল সরঞ্জাম চুরির ঘটনায় চার দিনের মাথায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত প্রণব হালদার একটি অর্থোপেডিক ইমপ্লান্ট সরবরাহকারী সংস্থার প্রাক্তন কর্মী বলে জানা গিয়েছে। অভিযোগ, সংস্থার পুরনো পরিচয়পত্র ব্যবহার করেই তিনি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে প্রবেশ করে চুরির ঘটনা ঘটান।

ভবানীপুর থানার পুলিশ তদন্ত করে দেখছে, এর আগেও অভিযুক্ত একই ধরনের অপরাধে জড়িত ছিলেন কি না। হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার সকাল আটটা নাগাদ দায়িত্বপ্রাপ্ত এক নার্স প্রথম লক্ষ্য করেন যে অর্থোপেডিক ইমপ্লান্ট-সমেত একাধিক গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিখোঁজ। এখনও পর্যন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

তদন্তে নেমে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্তকারীরা দক্ষিণ ২৪ পরগনার কুলপির বাসিন্দা প্রণবকে শনাক্ত করেন। পুলিশ জানায়, তিনি হাসপাতালের কর্মী নন, তবে কর্মীদের সঙ্গে তাঁর পরিচিতি ছিল। আগে সংশ্লিষ্ট অর্থোপেডিক ইমপ্লান্ট সরবরাহকারী সংস্থার কর্মী হিসেবে নিয়মিত হাসপাতালে যাতায়াত করতেন। সংস্থার পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে, তিনি আর তাদের কর্মী নন। তবুও অভিযোগ, ঘটনার দিন পুরনো পরিচয়পত্র দেখিয়েই অভিযুক্ত হাসপাতালে প্রবেশ করেছিলেন।


Share