YBK

‘কে কী করেছে সব খতিয়ে দেখা হবে’, মেসিকাণ্ডে নতুন তদন্তের বার্তা ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের

তাঁর দাবি, মেসিকাণ্ডে যারা টিকিট বণ্টন বা গোটা আয়োজনের সঙ্গে যুক্ত ছিল, তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হবে।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৭:৩০

ধামাচাপা পড়ে যাওয়া ‘মেসিকাণ্ড’ নিয়ে ফের তদন্তের ইঙ্গিত দিলেন রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। মঙ্গলবার দায়িত্ব নেওয়ার পরই তিনি জানান, পুরো ঘটনার ফাইল তলব করা হয়েছে। প্রয়োজন হলে মুখ্যমন্ত্রীর সঙ্গেও আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর বক্তব্য, এই বিতর্কিত ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি এবং কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখা হবে।

নিশীথ প্রামাণিক বলেন, ‘মেসিকাণ্ডে যা ঘটেছে, সেটা আমাদের সকলের জন্যই খুব দুঃখজনক। আমি ফাইল চেয়েছি। আগে সব কিছু দেখব। তারপর বোর্ড মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হবে। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।’

এ প্রসঙ্গে আগের সরকারের বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। নিশীথের অভিযোগ, ক্রীড়া থেকে আইনশৃঙ্খলা একাধিক ক্ষেত্রে আগের সরকারের ব্যর্থতা ও অন্তর্ঘাতের প্রভাব পড়েছে। তাঁর দাবি, মেসিকাণ্ডে যারা টিকিট বণ্টন বা গোটা আয়োজনের সঙ্গে যুক্ত ছিল, তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা হবে।

উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর কলকাতায় লিওনেল মেসির সফর ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা বলয় ভেঙে কয়েকজন মাঠে ঢুকে পড়েন। কেউ মেসিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন, কেউ আবার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার বড়সড় গাফিলতির অভিযোগ ওঠে। তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে। পরিস্থিতিতে বিরক্ত হয়ে দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন মেসি। ক্ষোভে ফেটে পড়েন দর্শকরাও।

ঘটনার পর আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ক্রীড়ামন্ত্রীর পদ থেকেও সরে দাঁড়ান অরূপ বিশ্বাস। তবে এত বিতর্কের পরেও তাঁর বিরুদ্ধে কেন কোনও আইনি পদক্ষেপ হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। টিকিটের অর্থ ফেরত নিয়েও শুরু হয়েছিল বিতর্ক।

নতুন ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, বোর্ড মিটিংয়ের পরই তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি টিকিট বিক্রির দায়িত্বে থাকা সংস্থার সঙ্গেও কথা বলা হবে। নিশীথের কথায়, ‘পুরো ঘটনাটার পূর্ণাঙ্গ তদন্ত হবে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।’ সেই সঙ্গে ভবিষ্যতে কলকাতায় বড় ফুটবল ম্যাচ আয়োজন করে এই তিক্ত অভিজ্ঞতা ভুলিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।


Share