West Bengal Budget

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের কাছে মদের দোকান নয়, রাজ্য বাজেটে বড় ঘোষণা করল রাজ্য সরকার

নতুন বাজেটে ঘোষণা করা হয়েছে, স্কুল, কলেজ, হাসপাতাল ও ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে আর নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পুর এলাকার ক্ষেত্রে ন্যূনতম দূরত্ব রাখা হয়েছে ৫০০ মিটার।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জুন ২০২৬ ০৮:১৬

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার পর সোমবার বিধানসভায় প্রথম বাজেট অনুষ্ঠিত হয়েছে। মদ নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং ধর্মীয় স্থানের আশপাশে নতুন মদের দোকান গড়ে ওঠার উপর কড়া নিয়ন্ত্রণ জারি করেছে। বিধানসভায় বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, স্কুল, কলেজ, হাসপাতাল ও ধর্মস্থানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে নতুন করে মদের দোকানের কোন লাইসেন্স দেওয়া হবে না।

বাজেট প্রস্তাব অনুযায়ী, রাজ্যের কোনও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল বা ধর্মীয় স্থানের এক কিলোমিটারের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স ইস্যু করা হবে না। তবে কলকাতা পুরসভার আওতাভুক্ত এলাকায় এই দূরত্বের ক্ষেত্রে কিছুটা শিথিলতা রাখা হয়েছে। সেখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অন্তত ৫০০ মিটার দূরে থাকলে লাইসেন্সের আবেদন বিবেচনা করা হবে। অন্যান্য জায়গায় ক্ষেত্রে এক কিলোমিটার ধার্য করা হয়েছে। 

প্রথম বাজেটেই রাজ্য সরকার একাধিক জনকল্যাণমূলক ঘোষণা করেছে। ডিএ বৃদ্ধি থেকে শুরু করে নতুন নিয়োগের আশ্বাস— একাধিক ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতেও বরাদ্দ বাড়ানো হয়েছে। প্যারাটিচারদের সম্মানী বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুবকদের জন্যও বিশেষ ভাতার ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে মদের দোকানের লাইসেন্স সংক্রান্ত নতুন নিয়ম বিশেষভাবে নজর কেড়েছে।

সরকারের এই পদক্ষেপকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “আগে মদের দোকানের ক্ষেত্রে এক কিলোমিটার দূরত্বের নিয়ম ছিল। পরে তা ৫০০ মিটারে নামিয়ে আনা হয়। বর্তমান সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।”

রাজনৈতিক মহলের একাংশের মতে, শিক্ষা ও ধর্মীয় পরিবেশ রক্ষা, পাশাপাশি জনস্বাস্থ্যের বিষয়টিকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগামী দিনে মদের দোকানের লাইসেন্স প্রদান প্রক্রিয়ায় আরও কঠোর নিয়ম কার্যকর হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানের আশপাশের পরিবেশ যাতে আরও সুরক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ থাকে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে মত বিভিন্ন মহলের। নতুন নিয়ম কার্যকর হলে সংবেদনশীল এলাকাগুলিতে মদের দোকান স্থাপনে নিয়ন্ত্রণ আসবে এবং সামাজিক পরিবেশ রক্ষায় তা ইতিবাচক ভূমিকা পালন করবে বলেই আশা করা হচ্ছে।


Share