Prasanjit Chatterjee

‘কফি খেলাম, গল্প করলাম... রাজনীতি হয়নি’, নবান্ন থেকে বেরিয়ে সব জল্পনায় ইতি টানলেন অভিনেতা প্রসেনজিৎ

তিনি জানান, “কফি খেলাম, গল্প করলাম কিছু ক্ষণ। আর তা ছাড়া, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছুর প্রয়োজন আছে। টলিউড ইন্ডাস্ট্রির উন্নয়ন, মহানায়ক উত্তমকুমার, তাঁর মৃত্যুদিনের বিশেষ সম্মান নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও বহু বার বলেছি, আমি যদি কোনও দিন রাজনীতিতে যোগ দিই, তা হলে সবার আগে মানুষ জানতে পারবে।’’

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ১১:০০

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে বৃহস্পতিবার বিকেলে নবান্নে পৌঁছান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিকেল ৫টার কিছু পরে তিনি নবান্নে প্রবেশ করেন। প্রায় দু'ঘণ্টা বৈঠকের পর সন্ধ্যা সাতটা ১৫ মিনিট নাগাদ বেরিয়ে এসে প্রসেনজিৎ স্পষ্ট জানিয়ে দেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর কোনও রাজনৈতিক আলোচনা হয়নি।

নবান্নের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বলেন, তাঁর নবান্নে আসা নিয়ে বাইরে নানা জল্পনা চলছে, তবে তার অধিকাংশই ভিত্তিহীন। তিনি জানান, “কফি খেলাম, গল্প করলাম কিছু ক্ষণ। আর তা ছাড়া, আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক কিছুর প্রয়োজন আছে। টলিউড ইন্ডাস্ট্রির উন্নয়ন, মহানায়ক উত্তমকুমার, তাঁর মৃত্যুদিনের বিশেষ সম্মান নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও বহু বার বলেছি, আমি যদি কোনও দিন রাজনীতিতে যোগ দিই, তা হলে সবার আগে মানুষ জানতে পারবে।’’

উল্লেখ্য, গত সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিতে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সফরেই তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান। সেই প্রসঙ্গ তুলে এ দিন প্রসেনজিৎ বলেন, “আগের দিন ১০ মিনিটের জন্য গিয়েছিলেন ওঁরা, সেটা সবাই জানেন। আমি ৪০ বছর কাজ করছি। কিছু কিছু জিনিস আমার এবং আমার টিমের দরকার হয়। প্রোটোকল মেনে মুখ্যমন্ত্রীকে তাই কিছু বিষয় জানাতে এসেছিলাম। তাঁকে সেই অনুরোধই জানাতে এসেছিলাম।”

সোমবার অমিত শাহ ও প্রসেনজিতের প্রায় ১৫ মিনিটের বৈঠক ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছিল। শোনা গিয়েছিল, সম্প্রতি দিল্লিতে ‘পদ্মশ্রী’ সম্মাননা গ্রহণ করতে গিয়ে অভিনেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ রক্ষা করতেই অমিত শাহ তাঁর বাড়িতে যান বলে জানা যায়।

তবে ওই সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক কোনও আলোচনা হয়েছিল কি না, তা নিয়েও বিস্তর জল্পনা শুরু হয়েছিল। এ দিন সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে প্রসেনজিৎ স্পষ্ট জানান, তাঁর একমাত্র লক্ষ্য বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন। শিল্পের স্বার্থে তিনি সবার সঙ্গে কথা বলতে প্রস্তুত, কিন্তু রাজনৈতিক সমীকরণে তাঁকে টেনে না আনার বার্তাই দিয়েছেন অভিনেতা।


Share