Abhishek Banarjee

১৬ এফআইআর, বিদেশযাত্রা নিয়ে জটিলতা! চোখের চিকিৎসায় আমেরিকা যাওয়ার আর্জি, সোমবার ফের অভিষেকের মামলার শুনানি সুপ্রিম কোর্টে

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার তাঁর সেই আবেদনেই শুনানি হবে।

সোমবার ফের সুপ্রিম কোর্টে শুনানি অভিষেকের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৯ আগস্ট ২০২৬ ০৬:৪৮

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে তালিকাভুক্ত হয়েছে। সোমবারই শীর্ষ আদালতে মামলাটির শুনানি হবে। বেলা ১২টা নাগাদ প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি হওয়ার কথা। এর আগে কলকাতা হাই কোর্ট অভিষেকের বিদেশ যাওয়ার আবেদন খারিজ করে দিয়েছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে গত শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। চোখের চিকিৎসার জন্য আমেরিকা যাওয়ার অনুমতি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সোমবার তাঁর সেই আবেদনেই শুনানি হবে।

হাই কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, চোখের চিকিৎসার জন্য এর আগেও তিনি একাধিক বার আমেরিকায় গিয়েছেন। চিকিৎসার সেই ধারাবাহিকতা বজায় রাখতে এ বারও তাঁর বিদেশযাত্রা জরুরি বলে দাবি করেন আইনজীবী। তবে গত দু’মাসে অভিষেকের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হওয়ায় বিদেশযাত্রার অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে খবর, গত মে মাসে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর থেকে এখনও পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে ১৬টি এফআইআর দায়ের হয়েছে। এই পরিস্থিতিতে তিনি বিদেশে গেলে সংশ্লিষ্ট মামলাগুলির তদন্ত ও বিচারপ্রক্রিয়া ব্যাহত হতে পারে বলে হাই কোর্ট আশঙ্কা প্রকাশ করেছে। একই সঙ্গে আদালত অভিষেকের জরুরি ভিত্তিতে বিদেশ যাওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, এসএসকেএম হাসপাতাল থেকে অভিষেকের চিকিৎসা সংক্রান্ত মেডিকেল রিপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের পর্যবেক্ষণ, এসএসকেএম যদি জানায় যে প্রয়োজনীয় চিকিৎসা দেশে সম্ভব নয়, তবেই বিদেশে গিয়ে চিকিৎসার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।

বিচারপতি ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন, চিকিৎসা সংক্রান্ত মতামত পাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে যেতে হবে। হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে অভিষেকের বিদেশে গিয়ে চিকিৎসা করানোর প্রয়োজনীয়তা খতিয়ে দেখার কথা ছিল। তবে অভিষেক এসএসকেএম হাসপাতালে পরীক্ষা করিয়ে চিকিৎসকদের মতামত নিতে রাজি হননি। তাঁর বক্তব্য ছিল, হাই কোর্ট তাঁর বিদেশযাত্রার আবেদন খারিজ করে দিতে পারে, কিন্তু তিনি এসএসকেএম হাসপাতালে যাবেন না। এরপরই হাই কোর্ট তৃণমূল সাংসদের আবেদন খারিজ করে দেয়। সেই নির্দেশের পর বৃহস্পতিবার গভীর রাতে অভিষেক সুপ্রিম কোর্টে আবেদন করেন। এর আগে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। তবে সে সময় শীর্ষ আদালত মামলাটি সরাসরি শুনতে চায়নি। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ মামলাটি হাই কোর্টে ফেরত পাঠিয়ে সাত দিনের মধ্যে অভিষেকের আবেদনের নিষ্পত্তির নির্দেশ দিয়েছিল।

সেই নির্দেশ অনুযায়ী গত সপ্তাহের বুধবার হাই কোর্টে মামলাটির শুনানি হয়। কিন্তু শুনানি শেষে আদালত অভিষেককে বিদেশে গিয়ে চিকিৎসা করানোর অনুমতি দেয়নি। এ বার তিনি সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।


Share