Taratala Incident

টাকার বিনিময়ে বিল্ডিং প্ল‍্যানে অনুমোদন! সিন্ডিকেট রাজে ইতি টানতে অডিটের নির্দেশ মুখ্যমন্ত্রীর, কমিটি গঠনের সিদ্ধান্ত শুভেন্দু অধিকারীর

এই কমিটির কলকাতা-সহ নির্দিষ্ট করে দেওয়া বাকি এলাকার নির্মাণ সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাঁরা খতিয়ে দেখবেন। অডিট করে রিপোর্ট দেবেন। তাঁদের অনুমোদন মিললেই পুনরায় নির্মাণকাজের অনুমতি মিলবে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ০৬:২৪

বেআইনি নির্মাণ রুখতে কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশ, তৃণমূল আমলে ছাড় পাওয়া সমস্ত নির্মাণকাজের নকশা খতিয়ে দেখতে হবে। তাই আগামী ৩১ জুলাই পর্যন্ত কলকাতা-সহ আশেপাশের এলাকায় সমস্ত নির্মাণকাজ আপাতত বন্ধ থাকবে। একটি কমিটিও গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে খড়্গপুর আইআইটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধানকে রাখা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তরাতলার গুদাম ভেঙে পড়ার ঘটনায় পরে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। ঘটনায় পাঁচ জন গ্রেফতার হয়েছে। এর পরেই তৃণমূল জমানায় অনুমোদন পাওয়া সমস্ত প্ল‍্যানের নথির অডিট করানোর প্রয়োজন হঋেংচে বলে মনে করেছে রাজ‍্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ, আগামী ৩১ জুলাই পর্যন্ত শহরের সমস্ত নির্মাণকাজ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শুধুমাত্র কলকাতা নয়, রাজারহাট, পূজালি, বজবজ, সোনারপুর, মহেশতলা-সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী চার সপ্তাহ সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখা হচ্ছে। এই চার সপ্তাহের মধ্যে অনুমোদন সংক্রান্ত নথির অডিট করতে হবে। ততদিন পর্যন্ত কোনও নির্মাণকাজ করা যাবে না বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত নির্মাণ চলবে বলে জানিয়েছেন। 

পাশাপাশি মুখ্যমন্ত্রী একটি কমিটি গঠন করে দিয়েছেন। এই কমিটিতে নেতৃত্ব দেবেন অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডে। কমিটিতে থাকবেন অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধানসচিব রাজেশকুমার সিংহ, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ, কলকাতার পুর কমিশনার ও পুর প্রশাসক স্মিতা পাণ্ডে, শ্রম দফতরের সচিব রচনা ভগত। এ ছাড়াও, পূর্ত দফতরের প্রধান ইঞ্জিনিয়ার, ডিজি বিল্ডিং (কেএমসি), ডিজি দমকলের একজন করে প্রতিনিধি থাকবেন। খড়্গপুর আইআইটি-র একজন প্রতিনিধি এবং রাইটস ও ইরকমের এক জন করে প্রতিনিধিও থাকবেন কমিটিতে।

এই কমিটির কলকাতা-সহ নির্দিষ্ট করে দেওয়া বাকি এলাকার নির্মাণ সংক্রান্ত সমস্ত কাগজপত্র তাঁরা খতিয়ে দেখবেন। অডিট করে রিপোর্ট দেবেন। তাঁদের অনুমোদন মিললেই পুনরায় নির্মাণকাজের অনুমতি মিলবে।


Share