Pension Process

পেনশনের কাজে গতি আনতে উদ্যোগী নবান্ন, ১ সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক ই-পেনশন, জারি বিজ্ঞপ্তি

আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি দফতরে পেনশন সংক্রান্ত ফাইল বাধ্যতামূলকভাবে ই-পেনশন মডিউলের মাধ্যমে পাঠাতে হবে। তবে রাজ্য বিশ্ববিদ্যালয়ের পেনশন সংক্রান্ত বিষয় ও আইনি জটিলতার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০৩:৪৫

রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত কাজ আরও দ্রুত ও স্বচ্ছ করতে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি দফতরে পেনশন সংক্রান্ত সব ধরনের ফাইল বাধ্যতামূলকভাবে ই-পেনশন মডিউলের মাধ্যমে পাঠাতে হবে। সম্প্রতি এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।

এতদিন বিভিন্ন দফতরে পেনশন সংক্রান্ত ফাইল পাঠানোর ক্ষেত্রে একাধিক পদ্ধতি চালু ছিল। নতুন নিয়ম কার্যকর হলে পেনশনের আবেদন থেকে শুরু করে তথ্য যাচাই এবং মঞ্জুরির প্রক্রিয়া নির্দিষ্ট ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হবে। ফলে কাজের গতি বাড়ার পাশাপাশি অযথা দেরিও কমবে বলে মনে করছে অর্থ দফতর।

তবে এই নিয়মের বাইরে থাকছে কিছু বিশেষ ক্ষেত্র। রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পেনশন সংক্রান্ত বিষয় এবং আইনি জটিলতা রয়েছে এমন মামলাগুলি বাধ্যতামূলক ই-পেনশন ব্যবস্থার আওতায় পড়বে না।

পেনশন পোর্টালের নিরাপত্তা নিয়েও একাধিক পদক্ষেপ করা হয়েছে। প্রতিটি ব্যবহারকারীর জন্য চালু হয়েছে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ ইউজার আইডি ও পাসওয়ার্ডের পাশাপাশি নথিভুক্ত মোবাইল নম্বর এবং ই-মেলে পাঠানো ওটিপি দিয়েও পরিচয় যাচাই করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথি অনলাইনে আপলোডের ব্যবস্থাও রাখা হয়েছে।

নবান্নের আশা, নতুন ডিজিটাল ব্যবস্থার ফলে প্রতিটি পেনশন ফাইলের অগ্রগতি সহজেই নজরে রাখা সম্ভব হবে। কমবে অপ্রয়োজনীয় বিলম্ব। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা দ্রুত পেনশন পরিষেবা পাবেন। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই নতুন নির্দেশিকা কার্যকর হচ্ছে বলে নবান্ন সূত্রে খবর।


Share