Metro Railway

মেট্রোয় সিগন্যাল রক্ষণাবেক্ষণের সময় ‘ব্রিচ’! যান্ত্রিক ত্রুটিতে সকাল থেকেই ট্রেন বিভ্রাট, ব্লু-লাইনে ভোগান্তিতে অফিসযাত্রীরা

যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই দীর্ঘ অপেক্ষার পর মেট্রো প্ল্যাটফর্মে ঢুকছে। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। একই সঙ্গে মেট্রোর কামরাতেও উপচে পড়ছে ভিড়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ১১:৪৯

নিয়মিত পরিদর্শনের সময় সিগন্যাল নেটওয়ার্কে ’ব্রিচ’ ধরা পড়েছে। যান্ত্রিক ত্রুটির জেরে মঙ্গলবার সকাল থেকেই মেট্রোর ব্লু-লাইন পরিষেবা ব্যাহত হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন দুই দিকেই মেট্রো নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে। অফিসের ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় অফিস যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

যাত্রীদের অভিযোগ, সকাল থেকেই দীর্ঘ অপেক্ষার পর মেট্রো প্ল্যাটফর্মে ঢুকছে। ফলে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে থাকে। একই সঙ্গে মেট্রোর কামরাতেও উপচে পড়ছে ভিড়। এক যাত্রী জানান, “সকাল ১০টা ১২ থেকে দমদমে দাঁড়িয়ে আছি। শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ১০টা ৩২ মিনিটে আসার কথা ছিল। কিন্তু সেটি আসে ১০টা ৪৫ মিনিটে। অর্থাৎ ১৩ মিনিট দেরি। তার উপর মেট্রো ছিল ভিড়ে ঠাসা।”

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়মিত পরিদর্শন চলছিল। সেই সময় বরাহনগর এবং নোয়াপাড়া স্টেশনে মাঝে সিগন্যাল নেটওয়ার্কে ব্রিচ নজরে এসেছে। এর ফলে সকাল ছ'টা থেকে দক্ষিণেশ্বর থেকে মেট্রো পরিষেবা বন্ধ রাখতে হয়। সেই সময় গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করে। সাড়ে ছ'টা থেকে পুনরায় মেট্রো পরিষেবা চালু হয়।

যান্ত্রিক ত্রুটির বিষয়টি বিভিন্ন স্টেশনে ঘোষণা করে যাত্রীদের অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে মেট্রোর ইঞ্জিনিয়ারেরা গিয়ে সমস‍্যা সমাধান করার চেষ্টা করছেন। পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীদের কাছে দুঃখপ্রকাশও করা হয়েছে।


Share