Fire Incident

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে ভয়াবহ আগুন! টুনি লাইট থেকে শর্ট সার্কিটের আশঙ্কা, আগুনের কারণ খতিয়ে দেখছে দমকল

খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ১১:৪৮

কলকাতা বিমানবন্দরের পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার ভোরে বিমানবন্দরের কর্মীরা ওই আটতলা ভবনের তিনতলায় আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের একাংশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। বেশ কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই অগ্নিকাণ্ডের জেরে বিমান পরিষেবায় কোনও প্রভাব পড়েনি।

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো এটিসি ভবনটি টুনি লাইট দিয়ে সাজানো হয়েছিল। সেই লাইট থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। বিমানবন্দর ও দমকল সূত্রে জানা গিয়েছে, পুরনো এটিসি ভবনের পাশের একটি ভবন থেকেই বর্তমানে বিমান চলাচল নিয়ন্ত্রণের কাজ করা হয়। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে না এলে তা লাগোয়া ভবনে ছড়িয়ে পড়ে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার সঠিক কারণ জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, এটিসি বিল্ডিংয়ের আটতলা থেকেই বিমান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। রানওয়েতে বিমানের ওঠানামা থেকে শুরু করে গন্তব্যে অবতরণ পর্যন্ত এটিসির আধিকারিকেরা পাইলটদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। কোন বিমান কোন উচ্চতায় উড়বে, কোন পথে যাবে এবং আকাশপথে অন্যান্য বিমানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখবে, এটিসির অফিসাররা এই সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশও দেন।

তবে, সেই যন্ত্রপাতির কোনও ক্ষতি হয়নি বলেই বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং বলেন, ‘ওই খোলা ছাদে এসির বাইরের অংশও রয়েছে। ঠিক কোথা থেকে থেকে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্লাইট অপারেশনেও কোনও প্রভাব পড়েনি।’


Share