Chief Secretary

রাজ‍্যের মুখ‍্যসচিব পদে মনোজকুমার আগরওয়াল, দুষ্মন্ত নারিওয়ালার দিল্লি যাত্রায় সিলমোহর দিল রাজ‍্য সরকার

এসআইআর প্রক্রিয়া চলাকালীন নিজের দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন এই দুঁধে আইএএস অফিসার মনোজকুমার আগরওয়াল। ভাবমূর্তি যথেষ্ট স্বচ্ছ। তাঁর আমলেই রক্তপাতহীন বিধানসভা নির্বাচন করে নজির করেছে কমিশন।

রাজ‍্যের মুখ‍্যসচিব মনোজকুমার আগরওয়াল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১২:৩৮

রাজ‍্যের মুখ‍্যসচিব হলেন মনোজকুমার আগরওয়াল। তিনি এতদিন রাজ‍্যের মুখ‍্য নির্বাচনী আধিকারিক পদে ছিলেন। নবান্নে প্রশাসনিক বৈঠকের সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাঁ দিকে তাঁকে দেখা যায়। এর পরই জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। পাশাপাশি দুষ্মন্ত নারিওয়ালাকে পশ্চিমবঙ্গ ভবনের প্রধান রেসিডেন্ট কমিশনার করা হয়েছে। 

নতুন সরকারের আমলে প্রশাসনিক স্তরে যে রদবদল হতে চলেছে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। তা আরও স্পষ্ট হয় প্রশাসনিক বৈঠকে মনোজকুমার আগরওয়ালের উপস্থিতিতে। তার পরেই রাজ‍্য সরকার মনোজকুমার আগরওয়ালকে মুখ‍্যসচিব পদে নিয়োগ করে। পাশাপাশি দুষ্মন্ত নারিওয়ালাকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার পশ্চিমবঙ্গ ভবনের  প্রধান রেসিডেন্ট কমিশনার করা হয়েছে। এই দফতরটি রাজ‍্যের মুখ্যমন্ত্রী নিজেই দেখেন। এ ছাড়াও, দিল্লির সঙ্গে রাজ্যের সমন্বয় যাতে আরও মজবুত হয় তার জন্যও এই নিয়োগ করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক করা হয়েছিল মনোজকুমার আগরওয়ালকে। মনোজকুমার আগরওয়াল তৃণমূল জমানায় রাজ্যের মুখ্যসচিব পদের জন্য অন‍্যতম দাবিদার ছিলেন। কিন্তু সিনিয়ারিটি ভেঙে নন্দিনী চক্রবর্তীকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ‍্যসচিব করেছিলেন।

এসআইআর প্রক্রিয়া চলাকালীন নিজের দক্ষতার সঙ্গে কাজ করেছিলেন এই দুঁধে আইএএস অফিসার মনোজকুমার আগরওয়াল। ভাবমূর্তি যথেষ্ট স্বচ্ছ। রক্তপাতহীন বিধানসভা নির্বাচন করে নজির করেছে কমিশন। স্বাধীনতার পরে রেকর্ড ভোটদানের নজির গড়েছে রাজ্য সরকার। সবটাই তাঁর আমলে হয়েছে। এমন আমলাকেই রাজ‍্যকে পুনর্নির্মাণের কাজে ব্যবহার করতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 


Share