Election Commission

ফর্ম-৬ নিয়ে বড় বদল, অতিরিক্ত ঘোষণাপত্র আর নয়, এসআইআর-পর্ব শেষ হওয়া রাজ্যগুলিতে নির্দেশ নির্বাচন কমিশনের

বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম-৬-এর সঙ্গে আর কোনও অতিরিক্ত ঘোষণাপত্র জমা দিতে হবে না।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ১১:৪৭

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্কের আবহেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। যে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখানে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্তির ফর্ম-৬-এর নিয়মে পরিবর্তন আনা হল। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভোটার হিসেবে নাম তোলার জন্য ফর্ম-৬-এর সঙ্গে আর কোনও অতিরিক্ত ঘোষণাপত্র জমা দিতে হবে না।

সিইও দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯৬০ সালের ‘রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস’-এ নির্ধারিত নিয়ম মেনেই ফর্ম-৬ গ্রহণ করা হবে। ফলে এসআইআর-এর অ্যানেক্সার-৪-এ থাকা অতিরিক্ত ডিক্লারেশন ফর্ম জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না। নতুন ভোটারদের নাম নথিভুক্তির প্রক্রিয়া আরও সহজ করতে ডিইও এবং ইআরও অফিসগুলিতে বিশেষ হেল্প ডেস্ক খোলারও নির্দেশ দেওয়া হয়েছে। যোগ্য নাগরিকদের ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে যাতে কোনও সমস্যা না হয়, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।

এর আগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই শনিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, যে সব রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, সেখানে পুরনো নিয়মেই ফর্ম-৬ দেওয়া হবে। সেই নির্দেশের তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশনের পোর্টালে পুরনো ফর্ম-৬ ফিরিয়ে আনা হয়। এবার নতুন নির্দেশিকায় আরও স্পষ্ট করে জানানো হল, ফর্ম-৬-এর সঙ্গে এসআইআর-এর অ্যানেক্সার-৪-এ থাকা অতিরিক্ত ঘোষণাপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। ফলে নতুন ভোটারদের নাম তালিকাভুক্তির প্রক্রিয়া আগের তুলনায় সরল হওয়ার সম্ভাবনা তৈরি হল। 


Share