Sourav Ganguly

সৌরভের নিরাপত্তায় বড় ধাক্কা! ‘জেড’ থেকে সরাসরি ‘ওয়াই’ ক্যাটেগরিতে নামাল রাজ্য সরকার, জল্পনা রাজনৈতিক মহলে

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন না থাকলে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে না। ইতিমধ্যেই বহু রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল সৌরভের নামও।

সৌরভ গাঙ্গুলী
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৭:৩৭

নিরাপত্তায় বড়সড় কাটছাঁট হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর। গত তিন বছর ধরে ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা পেলেও এবার রাজ্য সরকার তাঁর নিরাপত্তা দু’ধাপ কমিয়ে ‘ওয়াই’ ক্যাটেগরিতে নামিয়ে এনেছে। যদিও এই বিষয়ে সৌরভ কোনও মন্তব্য করতে চাননি।

২০২৩ সালের মে মাস পর্যন্ত সৌরভ ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তাই পেতেন। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের তিন জন নিরাপত্তারক্ষী তাঁর ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে ছিলেন, যাঁদের মধ্যে দু’জন সশস্ত্র। পাশাপাশি তাঁর বাড়িতেও মোতায়েন থাকতেন একাধিক পুলিশকর্মী। পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সিদ্ধান্তে সৌরভের নিরাপত্তা বাড়িয়ে ‘জেড’ ক্যাটেগরিতে উন্নীত করা হয়। সেই সময় তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ থেকে ১০ জনে। বাড়ির নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হয়। রাস্তায় বেরোলে তাঁর গাড়ির সঙ্গে থাকত পুলিশের পাইলট কার। সব মিলিয়ে প্রায় ৩০ থেকে ৩৫ জন নিরাপত্তাকর্মী দায়িত্বে থাকতেন।

রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক নেতা, প্রাক্তন প্রশাসনিক কর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্বিবেচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজন না থাকলে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে না। ইতিমধ্যেই বহু রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তায় কাটছাঁট করা হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল সৌরভের নামও।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্তের পিছনে সৌরভের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের ওঠানামা করা সম্পর্কও আলোচনায় উঠে এসেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁকে বিজেপির সম্ভাব্য মুখ হিসেবে দেখা হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার জল্পনাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সক্রিয় রাজনীতিতে না আসায় সেই সমীকরণ বদলে যায়।

অন্য দিকে, সৌরভ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছিলেন। ২০২৩ সালে মমতার স্পেন সফরে তিনি সঙ্গী ছিলেন এবং শিল্প বিনিয়োগ সংক্রান্ত একাধিক কর্মসূচিতেও অংশ নেন। ফলে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে সৌরভকে দুই পক্ষের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলতে দেখা গিয়েছে।

নিরাপত্তা কমানোর এই সিদ্ধান্ত প্রশাসনিক মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে বলেই সরকারি সূত্রের দাবি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এর রাজনৈতিক তাৎপর্য নিয়েও আগামী দিনে আলোচনা চলবে।


Share