Suvendu Adhikari

কথা রাখল বিজেপি! দেশকে সুরক্ষিত করতে বিএসএফকে জমিদানের কাজ শুরু, মন্ত্রিসভায় বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কলকাতা হাই কোর্টের নির্দেশকেও অমান্য করা হয়েছে। যেটা কোনও সরকার করতে পারে না। আজ থেকেই প্রস্তুত থাকা জমি হস্তান্তর করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।”

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০২:২৭

ভোটপ্রচারে বিজেপির প্রতিশ্রুতি ছিল। সরকারে এসেই তা পূরণ করার লক্ষ্যে সিলমোহর দিল মন্ত্রীসভা।  ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসানোর জন‍্য বিএসএফকে জমি হস্তান্তরের কাজ শুরু করার আজ থেকেই নির্দেশ দিলেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথম কর্মদিবসে মন্ত্রীসভার বৈঠক সেরেছেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরেই একাধিক সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। রাজ্যের মুখ‍্যসচিব এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিবকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এই জমি হস্তান্তরের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেধে দেওয়া হয়েছে। 

সোমবার সকালে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। তার পরেই তিনি রাজ‍্যের পাঁচজন মন্ত্রীকে নিয়ে ক‍্যাবিনেট বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম সিদ্ধান্ত হিসেবে সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি হস্তান্তরের সিদ্ধান্ত জানান।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়, কাঁটাতারহীন সীমান্তে কাঁটাতার বসানোর জন‍্য জমি রাজ্য সরকার হস্তান্তর করার করবে। সোমবার থেকেই সেই কাজ শুরু হয়ে যাবে। রাজ্যের মুখ্যসচিবকে দুষ্মন্ত নারিওয়ালা এবং ভূমি ও ভূমি রাজস্ব দফতরের সচিব এই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি দ্রুততার সঙ্গে এই কাজ সম্পন্ন করতে সময়ও বেধে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা বিএসএফকে আগামী ৪৫ দিনের মধ্যে সমস্ত জমি হস্তান্তরের কাজ শেষ করতে হবে।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “এটা আমাদের দেশের সুরক্ষার প্রশ্ন। পশ্চিমবঙ্গকে সুরক্ষা রাখার প্রশ্ন। যেভাবে (কয়েক বছরে) জনবিন‍্যাস বদলে গিয়েছে, আমরা প্রথম দিনই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তথা বিএসএফকে জমি হস্তান্তর করার জন্য আমরা অনুমোদন দিলাম। আজ, সোমবার থেকেই জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হবে। যা আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনের আগেই বলেছিলেন। এই কাজটি আমরা প্রথম ক‍্যাবিনেট বৈঠকে আমরা করলাম।”

তবে কত জমি বিএসএফকে দেওয়া হবে এই প্রশ্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিএসএফ যতটা জমি চেয়েছে ততটাই দেওয়া হবে। ইতিমধ্যেই ভূমি ও ভূমি রাজস্ব দফতর কাজ অনেকটাই এগিয়ে রেখেছে বলে জানা তিনি। আগেরসতৃণমূল পরিচালিত সরকারকেও কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকারের জমি দেওয়ার ইচ্ছা ছিল না। কারণ বিশেষ ভোটারদের বঁচানো, অভারতীয়, অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তাঁরা ভূমি ও ভূমি রাজস্ব দফতরকে কাজই করতে দেয়নি।”  

এর আগে সীমান্তে কাঁটাতার বসানোর জন‍্য রাজ‍্য সরকারকে অবিলম্বে জমি হস্তান্তর করার জন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই প্রসঙ্গ তুলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কলকাতা হাই কোর্টের নির্দেশকেও অমান্য করা হয়েছে। যেটা কোনও সরকার করতে পারে না। আজ থেকেই প্রস্তুত থাকা জমি হস্তান্তর করার প্রক্রিয়া আমরা শুরু করেছি।”

সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ-ও জানান, “আমি বিরোধী দলনেতা থাকাকালীন যেটুকু খবর রেখেছিলাম যে ৯০ শতাংশ জমি ভূমি ও ভূমি রাজস্ব দফতর হস্তান্তর করতে পারে। সঠিক সংখ‍্যাটা মুখ‍্যমন্ত্রীকে অনেক ভেবেচিন্তে বলতে হয়। যেটা বলতে হয় তার যেন পূর্ণ সত‍্যতা যেন থাকে। আগের সরকারের মতো আলটপকা মন্তব্য বা প্রশ্নত্তোরে বর্তমানের মুখ‍্যমন্ত্রী যাবে না।”

ভোটপ্রচারে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একই কথা বলেছিলেন। বিজেপির ঘোষণাপত্রে এই অনুপ্রবেশ ইস্যুকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়। সরকার গঠনের পরে কাঁটাতারহীন জমি অবিলম্বে বিএসএফকে হস্তান্তর করা হবে বলেও জানানো হয়। সেই কথাই রাখল রাজ্যের প্রথম বিজেপি সরকার। প্রথম ক‍্যাবিনেট বৈঠকের পরেই প্রথম সিদ্ধান্ত হিসেবে এই কথাই জানালেন রাজ‍্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share