Indo-Bangladesh Border

শীর্ষে মুর্শিদাবাদ, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে ১৭২ কিলোমিটারের বেশি জমি বিএসএফকে হস্তান্তর করল রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফকে কাঁটাতার বসাতে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৬ ০৮:৩৪

সীমান্তে কাঁটাতার বসাতে এখনও পর্যন্ত ১৭২ কিলোমিটারের বেশি জমি বিএসএফকে হস্তান্তর করল রাজ‍্য সরকার। মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফকে কাঁটাতার বসাতে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ থেকে।

রাজ‍্যে ক্ষমতায় আসার পরে দেশের সীমান্তকে সুরক্ষিত করার লক্ষ্যে জমি বিএসএফকে হস্তান্তর করার কথা ঘোষণা করেছিলেন। সেই কাজ কয়েক মাস আগেই শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার রাজ‍্যের মুখ্যমন্ত্রী জানান, আজ, মঙ্গলবার পর্যন্ত মোট ১৭২.৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতার বসানোর জন্য জমি বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। মোট ১,০২৪.৭৫ একর জমি আনুষ্ঠানিক ভাবে বিএসএফকে দিয়ে দেওয়া হয়েছে।

কোন জেলায় কত জমি দেওয়া হয়েছে তা-ও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, জমি দেওয়ার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ। ওই জেলায় ৪৫.৪ কিলোমিটারের জন‍্য ৩৩৭ একর জমি দেওয়া হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় ৪২.০৭ কিলোমিটারের জন‍্য এখনও পর্যন্ত ২৪১.০৩ একর জমি দিয়ে দেওয়া হয়েছে। কোচবিহারের ৩৯.৩৯ কিলোমিটারের জন্য ১৩৫.৩৩ একর জমি দেওয়া হয়েছে। মালদহের ২০.১৫ কিলোমিটারের জন্য ১৭৬.৭৮ একর জমি দেওয়া হয়েছে। নদিয়ার ১৪.৭৯ কিলোমিটারের জন্য ৯৫.১১ একর জমি বিএসএফকে দেওয়া হয়েছে। দক্ষিণ দিনাজপুরের ৭.৭৫ কিলোমিটারের জন্য ২৬.৪১ একর জমি দেওয়া হয়েছে। দার্জিলিঙে ১.৪৫ কিলোমিটারের জন‍্য ৪.৩১ একর জমি দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের জন‍্য ১.২৮ কিলোমিটারের জন্য ৬.৬১ একর জমি এবং জলপাইগুড়িতে ০.৩১ কিলোমিটারের জন্য ২.১৭ একর জমি দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে লিখেছেন, “দেশ এবং রাজ‍্যকে সুরক্ষিত করাই আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত-বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করার লক্ষ্যে সীমান্তে প্রয়োজনীয় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সীমান্তরক্ষী বাহিনীকে জমি হস্তান্তরের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৭২.৬ কিলোমিটারের জন‍্য ১,০২৪.৭৫ একর জমি হস্তান্তর করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভারত এবং বাংলাদেশের মধ্যে দু’হাজার ২১৬.৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার মধ্যে ৫৭৯ কিলোমিটারে কাঁটাতার নেই। ১১২ কিলোমিটার নদী এবং জলাভূমির জন‍্য অসুবিধা রয়েছে। ৪৫৬ কিলোমিটার সীমান্তে কাঁটাতার রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানান, “দেশের সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে এবং নাগরিকদের জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পগুলি দ্রুত সম্পূর্ণ করার ব্যাপারে রাজ‍্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”


Share