Kolkata Municipal Corporation

শহরে আরও ভ্রাম‍্যমান বায়ো টয়লেটের ব‍্যবস্থা করবে কলকাতা পুরসভা, আগামী অর্থবর্ষেই চালু হওয়ার সম্ভাবনা

কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে ২৮টি অস্থায়ী শৌচালয় ও তিনটি চলমান শৌচালয় চালু হবে। দুর্গাপুজো, ছট পুজো, বিসর্জন ও শোভাযাত্রায় শহরের বিভিন্ন জায়গায় জেলা বা অন্য রাজ‍্য থেকে লোকজন আসেন।

কলকাতা পুরসভা
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১১

শহর কলকাতায় যত্রতত্র শৌচকর্ম ঠেকাতে উদ্যোগী হল পুরসভা। কলকাতা পুরসভা শহরকে পরিচ্ছন্ন রাখার জন্য অভিনব উদ্যোগ নিয়েছে। শহরবাসীর সুবিধার্থে এ বার রাস্তায় থাকবে ভ্রাম্যমান অস্থায়ী ‘বায়ো টয়লেট’। পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যেই এই শৌচালয়গুলি তৈরীর কাজ শুরু করে দিয়েছে। 

কলকাতা পুরসভার সূত্রে জানা গিয়েছে, ২০২৬-২৭ অর্থবর্ষে ২৮টি অস্থায়ী শৌচালয় ও তিনটি চলমান শৌচালয় চালু হবে। দুর্গাপুজো, ছট পুজো, বিসর্জন ও শোভাযাত্রায় শহরের বিভিন্ন জায়গায় জেলা বা অন্য রাজ‍্য থেকে লোকজন আসেন। স্বাভাবিকভাবেই সেই কথা মাথায় রেখে এই শৌচালয়গুলির ব্যবস্থা করা হবে। শহরে বড় অনুষ্ঠানগুলিতে দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্যই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। জনসাধারণ তাঁর সুবিধামতো এই শৌচালয়গুলিকে ব্যবহার করতে পারবেন। 

কলকাতা পুরসভার মেয়র পারিষদের সদস্য স্বপন সমাদ্দার বলেন, “এর আগে ৫৫টি অস্থায়ী টয়লেট ও পাঁচটি চলমান টয়লেট কথা বলা হয়েছিল। কিন্তু ২৮ টি টয়লেট ও তিনটি চলমান টয়লেট ব্যবস্থা করা গিয়েছে। শহর কলকাতার সুস্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতেই এই টয়লেট গুলি আনা হয়েছে। এই আগামী অর্থ বর্ষেই শহরের বিভিন্ন প্রান্তে এই টয়লেট গুলি দেখা যাবে।”


Share