Kolkata Municipal Corporation

নির্বাচিত পুরবোর্ড নেই, কমছে কলকাতা পুরসভার আয়! সম্পত্তি কর আদায়ে বড় ধাক্কা, বাড়ছে আর্থিক উদ্বেগ

সেই সময় থেকেই পুরসভার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসে। পুরসভা সূত্রের দাবি, তারপর থেকেই সম্পত্তি কর আদায়ের বৃদ্ধির হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

কলকাতা পুরসভা।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৬ ০৮:৪৫

নির্বাচিত পুরবোর্ডের অনুপস্থিতির প্রভাব এ বার পড়তে শুরু করেছে কলকাতা পুরসভার রাজস্ব আদায়েও। পুরসভা সূত্রের খবর, চলতি অর্থবর্ষের প্রথম তিন মাসে সম্পত্তি কর আদায় বেড়েছে মাত্র আড়াই শতাংশ। গত অর্থবর্ষের একই সময়ে যেখানে এই বৃদ্ধির হার ছিল ১২ শতাংশেরও বেশি, সেখানে এ বছরের এই ধীরগতি পুরসভার আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। রাজস্ব আদায়ের গতি কমে যাওয়ায় তার প্রভাব ইতিমধ্যেই পুরসভার কোষাগারেও পড়তে শুরু করেছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

গত মে মাসে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতা পুরসভার মেয়রের পদ থেকে ইস্তফা দেন ফিরহাদ হাকিম। এরপর ভেঙে দেওয়া হয় নির্বাচিত পুরবোর্ড। সেই সময় থেকেই পুরসভার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন আসে। পুরসভা সূত্রের দাবি, তারপর থেকেই সম্পত্তি কর আদায়ের বৃদ্ধির হারও উল্লেখযোগ্যভাবে কমেছে।

কলকাতা পুরসভার আয়ের প্রধান উৎসগুলির অন্যতম সম্পত্তি কর। কিন্তু বিভিন্ন খাতে ব্যয় ক্রমাগত বাড়লেও সেই অনুপাতে আয়ের উৎস বাড়ছে না। ফলে সম্পত্তি কর আদায়ে গতি না এলে আগামী দিনে পুরসভার আর্থিক চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের একাংশের। তাঁদের মতে, রাজস্ব আদায় দ্রুত না বাড়লে দৈনন্দিন ব্যয়ভার সামলানোও কঠিন হয়ে উঠতে পারে। তবে সম্পত্তি কর আদায় কমার জন্য নির্বাচিত পুরবোর্ডের অনুপস্থিতিকে সরাসরি দায়ী করতে নারাজ রাজস্ব বিভাগের একাংশের আধিকারিক। তাঁদের বক্তব্য, বর্তমানে সম্পত্তি কর আদায়ের সঙ্গে যুক্ত বহু কর্মী ও আধিকারিক অন্নপূর্ণা যোজনার কাজে নিয়োজিত থাকায় মূল দায়িত্বে পর্যাপ্ত সময় দিতে পারছেন না। তারই প্রভাব পড়ছে সম্পত্তি কর আদায়ের গতিতে।

পুরসভার আধিকারিকদের একাংশের মতে, বকেয়া কর আদায়ের জন্য করদাতাদের বাড়ি বা প্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে পরিদর্শন করার মতো পর্যাপ্ত সময় অনেক কর্মীর হাতে থাকছে না। একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে গিয়ে পুরকর্মীদের উপর কাজের চাপ বেড়েছে। এর প্রভাব পড়ছে সম্পত্তি কর সংগ্রহের প্রক্রিয়ায়। ফলে সম্পত্তি কর আদায়ের গতি কমে যাওয়ায় সরাসরি ধাক্কা খাচ্ছে কলকাতা পুরসভার রাজস্ব সংগ্রহ এবং সামগ্রিক আর্থিক পরিস্থিতি।


Share