Abhishek Banerjee

বাড়ি বানানোর ক্ষেত্রে কি আদৌ নিয়ম মানা হয়েছে? বিল্ডিং প্ল‍্যান জমা দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিল কলকাতা পুরসভা

কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা নোটিস পাঠিয়েছে। ৪০১ ধারায় কলকাতা পুরসভা তাঁকে নোটিস পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:০৩

অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আদৌ নিয়ম মেনে বাড়ি তৈরি করেছেন, নাকি সরকারি যাবতীয় নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৪০১ ধারায় নোটিস দিল তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা। হরিশ মুখার্জি রোড এবং কালীঘাট রোডের দু’টি বাড়িতে নোটিস কলকাতা পুরসভার পাঠিয়েছে। সূত্রের খবর, তৃণমূলের সাধারণ সম্পাদককে দু’টি বাড়ির বিল্ডিং প্ল‍্যান জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

পুরসভার সূত্রের খবর, গত তিন দিন ধরে পুরসভায় সম্পত্তি অ্যাসেসমেন্টের কাজ চলছিল। হরিশ মুখার্জি রোডে যে বাড়িটি রয়েছে তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কালীঘাট রোডে অভিষেকের যে বাড়ি রয়েছে, নিয়োগ দুর্নীতিতে জড়ানো কোম্পানি লিপস অ্যান্ড বাউন্ডসের নামে রয়েছে।

কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা নোটিস পাঠিয়েছে। ৪০১ ধারায় কলকাতা পুরসভা তাঁকে নোটিস পাঠিয়েছে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা জানতে চেয়েছে, যাবতীয় বিধি মেনে কি ওই দু’টি বাড়ি তৈরি হয়েছে, কোনও বাড়তি নির্মাণ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল কি না। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডের দু’টি বাড়ির বিল্ডিং প্ল্যান জমা দিতে কলকাতা পুরসভা নির্দেশ দিয়েছে।

গত পুরসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কলকাতা পুরসভায় ক্ষমতায় রয়েছে তৃণমূল। পুরসভার মেয়র ফিরহাদ হাকিম নিজেও তৃণমূলের অন্যতম মুখ। এ বার সেই পুরসভাই তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’টি বাড়ির বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল।

অন্য দিকে, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে ক্যামাক স্ট্রিটের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২৪টি সম্পত্তির কথা জানান। পাশাপাশি, রাজ‍্যের প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের ছেলেরও নাম করেন। এ ছাড়াও, এই সভা থেকে মুখ্যমন্ত্রী বেলেঘাটার দুষ্কৃতী রাজু নস্কর এবং কসবার দুষ্কৃতী সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের নাম করেন। 


Share