WBPCS Promotion Boost

বিধানসভা নির্বাচনের আবহে নবান্নের বড় ঘোষণা, ডব্লিউবিসিএস অফিসারদের জন্য প্রোমোশন সুবিধা

ভোটের আবহে ডব্লিউবিসিএস অফিসারদের বড় সুখবর নবান্নের। যুগ্ম ও বিশেষ সচিব স্তরে ১৪০টি নতুন পদ সৃষ্টি, অ্যাডিশনাল সেক্রেটারি পদোন্নতির পথও খুলল।

নবান্ন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০৬:১৩

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্য সিভিল সার্ভিস ক্যাডারের অফিসারদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। কেরিয়ার অ্যাডভান্টেজ বাড়াতে একাধিক উচ্চপদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের ভূমিকা ও প্রভাব আরও জোরালো হবে বলে মনে করছে প্রশাসনিক মহল।

দেশের নির্বাচন কমিশনের সঙ্গে টানাপড়েনের আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বারবার রাজ্যের অফিসারদের আশ্বস্ত করে বলেছিলেন, রাজ্য সরকার তাঁদের পাশে রয়েছে এবং কোনও ভয়ের কাছে নতি স্বীকার করার প্রয়োজন নেই। সেই বার্তারই বাস্তব প্রতিফলন হিসেবে প্রোমোশনের সুযোগ বাড়াতে যুগ্ম সচিব ও বিশেষ সচিব স্তরে প্রায় দেড়শো নতুন পদ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রোমোশনের সীমিত সুযোগ ও মহার্ঘ ভাতা নিয়ে গত কয়েক বছর ধরেই রাজ্য সিভিল সার্ভিস ক্যাডারের অফিসারদের মধ্যে অসন্তোষ ছিল। কেন্দ্রের সিভিল সার্ভিস অফিসারদের সঙ্গে বেতন ও পদোন্নতির ক্ষেত্রে যে ফারাক রয়েছে, তা কিছুটা হলেও কমবে বলে আশা করা হচ্ছে এই পদবৃদ্ধির ফলে।

বুধবার রাজ্য কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডব্লিউবিসিএস ক্যাডারে যুগ্ম সচিব স্তরে ১০০টি এবং বিশেষ সচিব বা স্পেশাল সেক্রেটারি স্তরে ৪০টি অতিরিক্ত পদ তৈরি করা হচ্ছে। এই নতুন পদগুলি ২০১৯ সালের রোপা রুল অনুযায়ী নির্ধারিত পে-লেভেলে কার্যকর হবে।

এর আগে যুগ্ম সচিব স্তরে অনুমোদিত পদ ছিল ২৫০টি। নতুন ১০০টি পদ যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫০। একই ভাবে স্পেশাল সেক্রেটারি ও সমতুল স্তরে এতদিন ১০০টি পদ থাকলেও, ৪০টি নতুন পদ যুক্ত হয়ে মোট সংখ্যা হল ১৪০।

এ ছাড়াও নির্দেশিকায় বলা হয়েছে, অ্যাডিশনাল সেক্রেটারি (পে লেভেল ২২) বা অতিরিক্ত সচিব স্তরেও পদোন্নতির সুযোগ থাকবে। নতুন করে বাড়ানো যুগ্ম সচিব পদের মোট সংখ্যার ৪০ শতাংশ, অর্থাৎ ১৪০টি পদ কনভার্সনের মাধ্যমে অ্যাডিশনাল সেক্রেটারি স্তরে উন্নীত করা যাবে। প্রশাসনিক মহলের মতে, এই সিদ্ধান্তে দীর্ঘদিনের প্রোমোশন জট অনেকটাই কাটবে।


Share