Suvendu Adhikari

‘আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী আর কেউ হবে না, পার্ক সার্কাসে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় চূড়ান্ত সতর্কতাবার্তা মুখ্যমন্ত্রী

শেষ মুখ‍্যমন্ত্রী জানান, “আপনার যদি কোনও অভিযোগ থাকে তাহলে আপনি থানায় যান। লালবাজারে যান। সিপির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে নবান্নে জানান। ইমেল করেও জানাতে পারেন।” তবে ধর্মের নাম করে যে পাথরবাজি করা চলবে না বলেও সতর্ক করেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ০৫:২৯

এটাই শেষ ঘটনা। আর এরম আর ঘটবে না। যদি ঘটে তাহলে তাঁর চেয়ে খারাপ পুলিশমন্ত্রী আর কেউ হবে না। পার্ক সার্কাসে আন্দলনের নামে দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এ-ও জানান, কাশ্মীরে ৩৭০ ধারা উঠে যাওয়ার পর থেকে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়া বন্ধ হয়েছে। তার পরেও এ রাজ্যে সেই রাজ‍্যে অভ‍্যাসটা রয়ে গিয়েছে। তা অবিলম্বে বন্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। মুখ্যমন্ত্রী জানান, আগের সরকারের আমলে পুলিশের হাত-পা বাঁধা ছিল। কিন্তু এখন তাঁরা মুক্ত। এ বার থেকে এমন কোনও ঘটনা ঘটলে কড়া হাতে দমন করবে।

জনসাধারণের স্বার্থে রাস্তায় বসে নমাজ পড়া যাবে না এবং বেআইনি বাড়ি থাকলেও কেন তা ভাঙা হচ্ছে তা নিয়ে রবিবার দুপুরে একদল বিক্ষোভকারী পার্ক সার্কাসে জড়ো হয়। বিক্ষোভকারীদের দাবি, সরকারের এমন সিদ্ধান্ত ভুল। রাস্তায় বসে নমাজ পড়া নাকি তাদের অধিকারের মধ্যে পড়ে— এমনও অনেককে বলতে শোনা যায়। বেশ কিছু ক্ষণ বিক্ষোভ চলার চলার পরে তাদের উঠে যাওয়ার জন‍্য পুলিশ অনুরোধ করে। তার পরেই পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তেই তা রণক্ষেত্রের চেহারা নেয়। আন্দলনের নাম করে রীতিমতো তাণ্ডব চলে। ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান-সহ ছ’জন পুলিশকর্মী জখম হন। লাঠিচার্জ করে পুলিশ বিক্ষোভ হটায়। 

সেই ঘটনার এখনও পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালেই পার্ক সার্কাসের ডেপুটি কমিশনারের অফিসে যান। তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ-সহ কলকাতা পুলিশের কর্তারা। প্রায় ২০ মিনিট তিনি ডেপুটি কমিশনারের অফিসেই ছিলেন। তারস্বরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রবিবার আচমকা কিছু লোক জড়ো করে পাথর ছোড়া শ্রীনগরে বন্ধ হয়ে গিয়েছে। এটা পশ্চিমবঙ্গেও বন্ধ হওয়ার দরকার রয়েছে। আমি আপনাদের কাছে আবেদন করব, এই কাজগুলি করবেন না। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে হাত-পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন।” 

মুখ‍্যমন্ত্রী স্পষ্ট জানান, “স্পষ্ট ভাবে বলতে চাই, এই ধরনের ঘটনায় আমাদের জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। গুন্ডামি, দুষ্কৃতীরাজ, দেশবিরোধী, সমাজবিরাধী কার্যকলাপ একেবারেই বরদাস্ত করা হবে না।” ঘটনায় পুলিশকর্মী জখম হওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী জানান, পুলিশকর্মীরা মার খাবে আর তিনি এসি ঘরে বসে বসে দেখবেন, সেই দিন চলে গিয়েছে। তাঁর কথায়, এই সরকার ভাবাবে না, দেখবেও না। দ্রুত ব্যবস্থা নেবে। 

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি পুলিশমন্ত্রী হিসেবে শেষ বার বলে গেলাম, একটাও পুলিশের গায়ে যদি হাত পরে, এই সরকার আইন প্রয়োগ করে, যত দূর যাওয়ার যাবে। শুধু গ্রেফতারি নয়, তারা যাতে দ্রুত শান্তি পায় তার ব্যবস্থাও করা হবে।”

বিগত দিনে পার্ক সার্কাস, রাজাবাজার, একবালপুর-সহ একাধিক জায়গায় একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। তা নিয়ে মুখ‍্যমন্ত্রী বলেন, “পার্ক সার্কাস-সহ বিগত দিনে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটাই আপনাদের শেষ ঘটনা। এর পরে এ ধরনের অ‍ করতে দেব না, দেব না, দেব না। যদি করেন, আমার থেকে খারাপ মুখ‍্যমন্ত্রী আর কেউ হবে না।”

এই ঘটনা যে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে করা হয়েছে, তা-ও জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি জানান, “এই ঘটনার আগে সমাজমাধ্যমে বলা হয়েছিল। আমার পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে। কারণ এই সমস্ত পুলিশ আধিকারিকেরা সবাই দক্ষ। তাঁরা জানেন কী করতে হবে আর কী করতে হবে না।” 

এ ছাড়াও, তৃণমূল জমানায় যে একটি নির্দিষ্ট ধর্মাবলম্বীদের ওপরে পুলিশ সহানুভূতিশীল ছিল তা-ও আরেকবার স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর কথায়। বিরোধী দলনেতা থাকাকালীন বারবার এই কথা বলেছেন। তিনি এখন রাজ্যের মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের পুলিশ কাজ করত না। কারণ কোনও একটি রাজনৈতিক দলের এটার করার ইচ্ছেই ছিল না। এখন তাঁরা মুক্তমনা হয়ে কাজ করতে পারে। যেমন নির্দেশ এবং আইনে যা রয়েছে সেই অনুযায়ী সব করতে পারবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, “আমি স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানাব যে ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যাতে আপাতত রাজ্যে রাখা যায়। যতক্ষণ না আমাদের বিকল্প ব‍্যবস্থা করা হচ্ছে। কারণ এই দুষ্কৃতীদের নিয়ন্ত্রণ করাটা জরুরি।” 

শেষ মুখ‍্যমন্ত্রী জানান, “আপনার যদি কোনও অভিযোগ থাকে তাহলে আপনি থানায় যান। লালবাজারে যান। সিপির বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থাকে তাহলে নবান্নে জানান। ইমেল করেও জানাতে পারেন।” তবে ধর্মের নাম করে যে পাথরবাজি করা চলবে না বলেও সতর্ক করেন শুভেন্দু অধিকারী।


Share